ইরাকে তেল চোরাচালানে শতকোটি ডলারের অভিযোগ
বিশ্ব · 2026-11-16T16:06:00.000000Z · ডেস্ক রিপোর্ট
ইরাকে রাষ্ট্রীয় তেল চোরাচালানের মাধ্যমে কয়েক শ কোটি ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর বিরুদ্ধে। ইরাকি কর্মকর্তাদের দাবি, নিরাপত্তা ও তেল খাতের কিছু কর্মকর্তার যোগসাজশে ২০২১ সাল থেকে এই চোরাচালান চলে আসছে। এতে বিপুল রাজস্ব হারিয়েছে দেশটির সরকার। অভিযোগের পর গোষ্ঠীটির প্রভাবাধীন এলাকায় অভিযান জোরদার করেছে ইরাক সরকার।
সোমবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী আলী আল-জাইদি তেল চোরাচালান নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত নিরাপত্তা ও তেল খাতের নয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সন্দেহভাজনদের আদালতে পাঠানোর নির্দেশও দিয়েছেন তিনি।
তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাবিল প্রদেশের জুরফ আল-সাখর এলাকা। বাগদাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এলাকাটি কাতাইব হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। অভিযানের অংশ হিসেবে বাবিল প্রদেশের পুলিশপ্রধান, গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগের কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং রাষ্ট্রীয় তেল পাইপলাইন কোম্পানির পরিচালককে বরখাস্ত করা হয়েছে।
রয়টার্সকে ইরাকের নিরাপত্তা, সেনাবাহিনী, পুলিশ ও তেল খাতের কর্মকর্তারা জানিয়েছেন, চোরাচালান নেটওয়ার্কটি পরিচালনায় সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা সহায়তা করেছেন বলে তদন্তে অভিযোগ উঠেছে। সরকারি রাজস্বের কয়েক শ কোটি ডলার ক্ষতির পেছনে এই নেটওয়ার্কের ভূমিকা রয়েছে বলে দাবি তাঁদের।
এদিকে জুরফ আল-সাখরের আশপাশে অতিরিক্ত সেনা ও নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আল-জাইদি। একই সঙ্গে এলাকায় সরকারি সেনা প্রবেশের প্রস্তুতি নিতে সামরিক ও নিরাপত্তা কমান্ডারদের বলা হয়েছে। এতে সরকারের সঙ্গে কাতাইব হিজবুল্লাহর সরাসরি সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত কাতাইব হিজবুল্লাহ ইরাকের অন্যতম শক্তিশালী ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী। দেশটির আধা-সরকারি মর্যাদাপ্রাপ্ত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের কাঠামোর সঙ্গেও গোষ্ঠীটির সংশ্লিষ্টতা রয়েছে।
তবে তেল চোরাচালানের অভিযোগ অস্বীকার করেছে কাতাইব হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, তাদের অস্ত্র কেড়ে নেওয়ার উদ্দেশ্যেই সরকারের পক্ষ থেকে এই অভিযান চালানো হচ্ছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইরাকের সার্বভৌমত্ব রক্ষায় ব্যবহৃত তাদের অস্ত্র কেড়ে নিতে চাপ সৃষ্টি করা হচ্ছে। তদন্তে পাইপলাইনে কোনো অনিয়ম পাওয়া যায়নি বলেও দাবি করেছে তারা।
২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানে সাদ্দাম হোসেনের সরকারের পতনের পর ইরাকের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় ইরানের প্রভাব বেড়েছে। দেশটিতে ইরান-সমর্থিত একাধিক সশস্ত্র গোষ্ঠী রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর মধ্যে প্রভাব বিস্তার করে রেখেছে।
প্রধানমন্ত্রী আল-জাইদি এসব সশস্ত্র গোষ্ঠীকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা এবং অস্ত্র সরকারের কর্তৃত্বে দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। তবে কাতাইব হিজবুল্লাহসহ কয়েকটি প্রভাবশালী গোষ্ঠী অস্ত্র ত্যাগে অনাগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বাগদাদের ওপর চাপ বাড়িয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো তেহরানের প্রতি সংহতি জানায়। এ সময় ইরাকে মার্কিন সেনা এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার ঘটনাও ঘটে।
ইরাকি নিরাপত্তা বিশ্লেষক জাসিম আল-বাহাদলির মতে, তেল চোরাচালানবিরোধী অভিযান এখন কাতাইব হিজবুল্লাহর সঙ্গে সরকারের বৃহত্তর রাজনৈতিক ও নিরাপত্তাগত সংঘাতের অংশ হয়ে উঠেছে। তাঁর ভাষ্য, নিরাপত্তা, রাজনীতি ও অর্থনীতিতে গভীর প্রভাব থাকা একটি গোষ্ঠীকে চ্যালেঞ্জ জানাচ্ছেন প্রধানমন্ত্রী। বৃহত্তর অর্থে, ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থনৈতিক নেটওয়ার্ক দুর্বল করে তাদের প্রভাব সীমিত করার প্রচেষ্টা হিসেবেও দেখা হচ্ছে এ অভিযানকে।
সূত্র: রয়টার্স, আলজাজিরা।