সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, তালিকা হচ্ছে অভিযুক্তদের
সিলেটের খবর · 2026-11-16T15:20:28.000000Z · প্রতিবেদক, সিলেট
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৬ নভেম্বর) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। এ সময় মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের জোনাকি আবাসিক এলাকা, উত্তর বালুচর, চকগ্রাম, পীরের চক, শাহপরাণ ও শ্মশান টিলা এবং ৮ নম্বর ওয়ার্ডের খাদিমপাড়া, মজুদদার টিলা, হুয়াইটিলা (মঈনউদ্দিন টিলা), বড়গুল ও আখালিয়া এলাকায় তদারকি ও অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তবে টিলা কাটার সঙ্গে জড়িতদের নাম ও ঠিকানা সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত তথ্য যাচাই-বাছাই শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, পরিদর্শক মো. রুকন মিয়াসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সিলেট বিভাগের সবকটি জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা স্থাপন ও পরিচালনা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে।