চুনারুঘাটে ১৩০ জন কৃষকের মাঝে কৃষিঋণ বিতরণ: পেলেন ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত
সিলেটের খবর · 2026-11-16T16:13:58.000000Z · প্রতিবেদক, চুনারুঘাট
কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সক্ষমতা জোরদার করার লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাটে প্রায় ১৩০ জন নারী-পুরুষ কৃষকের মাঝে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে কৃষকদের সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে এই ঋণ প্রদান করা হয়। প্রকৃত কৃষকদের প্রাতিষ্ঠানিক ঋণের আওতায় এনে উৎপাদনমুখী কর্মকাণ্ডে গতিশীলতা আনতে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংক, সিলেটের উদ্যোগে উপজেলাভিত্তিক কৃষিঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উত্তরা ব্যাংক পিএলসি, সিলেটের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
গালিব চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চুনারুঘাট।
রাজীব চন্দ্র সাহা, উপমহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, হবিগঞ্জ মুখ্য আঞ্চলিক কার্যালয়।
দিপংকর পাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা।
মোহাম্মদ নজরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ), সোনালী ব্যাংক পিএলসি, হবিগঞ্জ প্রিন্সিপাল অফিস।
মো. এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা।
ডা. শিশির কানু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
এছাড়াও উত্তরা ব্যাংক পিএলসি চুনারুঘাট শাখার ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক রাজীব রায়, জনতা ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল কুদ্দুছ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক বীরাজ চক্রবর্তী, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. আলমগীর ও ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপক মো. হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন তফসিলি ব্যাংকের ব্যবস্থাপক ও উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কৃষকদের সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষিঋণ গ্রহণের সুযোগ, ঋণপ্রাপ্তির নিয়ম-কানুন, আবেদন প্রক্রিয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রাতিষ্ঠানিক অর্থায়নের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আরও এগিয়ে নিতে হলে প্রকৃত কৃষকদের কাছে সহজে ব্যাংকঋণ পৌঁছে দিতে হবে। ঋণপ্রাপ্তির ক্ষেত্রে যেকোনো অপ্রয়োজনীয় জটিলতা ও হয়রানি পরিহার করে কৃষকদের বাস্তব চাহিদা অনুযায়ী অর্থায়নের সুযোগ সৃষ্টি করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠান শেষে প্রায় ১৩০ জন নারী ও পুরুষ কৃষকের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। এর মাধ্যমে কৃষকদের মধ্যে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে কৃষি অর্থায়ন গ্রহণে আগ্রহ সৃষ্টি হবে এবং তাদের উৎপাদনমুখী কার্যক্রমে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
বাংলাদেশ ব্যাংক, সিলেট এবং চুনারুঘাট উপজেলায় অবস্থিত বিভিন্ন তফসিলি ব্যাংকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সমন্বয়কারী ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে উত্তরা ব্যাংক পিএলসি, চুনারুঘাট শাখা।