প্রথম দিনেই নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের
বিশ্ব · 2026-11-11T04:14:00.000000Z · ডেস্ক রিপোর্ট
ইসরায়েলের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ও আইন বাতিলের উদ্যোগ নিয়েছে বিরোধী জোট। জোটের নেতা ও নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের নেতৃত্বে এসব প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগ সংস্কারের আওতায় পাস হওয়া আইন বাতিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) ২৬তম নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) প্রথম অধিবেশনের দিন এসব বিল জমা দেওয়া হয়। তবে আইজেনকোট এখনো সরকার গঠন করতে পারেননি। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। এদিকে নতুন পার্লামেন্টে নেতানিয়াহুবিরোধী দলগুলোর সম্মিলিত সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোটের দল ইয়াশার এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটস পার্টি নেতানিয়াহু সরকারের আমলে পাস হওয়া একাধিক বিতর্কিত আইন বাতিলের প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইন, বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির গণমাধ্যম সংস্কার আইন বাতিল।
প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণার নিয়ম নিয়ে আগের সরকারের আনা সংশোধনী বাতিলের প্রস্তাবও দিয়েছে ইয়াশার। অন্যদিকে ডেমোক্র্যাটস পার্টি ফৌজদারি অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের সরকারি পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছে। পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাতে দেওয়ার প্রস্তাবও জমা দিয়েছে ইয়াশার।
এ ছাড়া ডেমোক্র্যাটস পার্টির প্রস্তাবের মধ্যে রয়েছে শাবাত বা শনিবার ইহুদিদের ধর্মীয় ছুটির দিনে গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান নিয়ন্ত্রণ, মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করা এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণ।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠনের বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু। তাঁর যুক্তি, সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, হামলার আগে ও সময়কার নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই কমিশন গঠনে বাধা দিচ্ছেন নেতানিয়াহু। ক্ষমতায় গেলে এ কমিশন গঠন তাদের অন্যতম প্রতিশ্রুতি।
বিরোধী জোটের প্রস্তাবগুলোর বড় অংশই নেতানিয়াহু সরকারের বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগের আওতায় পাস হওয়া আইন বাতিলের লক্ষ্যে নেওয়া হয়েছে। এসব সংস্কারের বিরুদ্ধে অতীতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। সমালোচকদের দাবি, বিচার বিভাগের ক্ষমতা কমানোর ফলে গণতন্ত্র ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে। তবে সংস্কারের সমর্থকদের বক্তব্য, বিচার বিভাগের ক্ষমতার অপব্যবহার ঠেকাতেই এসব পরিবর্তন প্রয়োজন।
অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এর ফলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি মতামত প্রত্যাখ্যান করতে পারবেন। একই সঙ্গে এই পদে নিয়োগ ও বরখাস্তের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ বাড়বে।
বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তনের আইনেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এতে আইনজীবী সমিতির দুই প্রতিনিধির পরিবর্তে সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবীদের অন্তর্ভুক্তির বিধান রয়েছে। নিম্ন আদালতের বিচারক নিয়োগে সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের ভেটো দেওয়ার ক্ষমতাও রাখা হয়েছে।
২০২৪ সালে ইসরায়েলের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত বিতর্কিত আইনটির কার্যকারিতা পরবর্তী নির্বাচন পর্যন্ত স্থগিত করেছিলেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, আইনটি নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে পাস করা হয়েছিল।
সূত্র: টাইমস অব ইসরায়েল,