যুক্তরাষ্ট্রকে ইরানের সাত শর্ত মেনে নেওয়ার আহ্বান রেজাইয়ের
বিশ্ব · 2026-11-11T04:38:00.000000Z · ডেস্ক রিপোর্ট
যুক্তরাষ্ট্রকে ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে নিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই। তিনি বলেছেন, ওয়াশিংটনের উচিত কাল্পনিক আলোচনার খবর প্রচার বন্ধ করে পশ্চিম এশিয়ার নতুন বাস্তবতা মেনে নেওয়া। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না বলেও দাবি করেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রেজাই যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মেনে নেওয়ার আহ্বান জানান। তাঁর বক্তব্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্রের সরকার বড় ধরনের সংকটে পড়েছে। এখন ওয়াশিংটনের সময় হয়েছে তেহরানের সাতটি শর্ত মেনে নেওয়ার।
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে লেবানন, গাজা ও ইয়েমেনসহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ, বিদেশে জব্দ করা ইরানের সম্পদ মুক্ত, অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধ তুলে নেওয়া এবং পশ্চিম এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমানবাহিনী প্রত্যাহার। এ ছাড়া যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া এবং ইরানের বিরুদ্ধে হুমকি ও অপমানজনক বক্তব্য বন্ধের দাবিও রয়েছে।
ইরানের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এসব শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর সুযোগ নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও বলেছেন, সামরিক অভিযান ও নৌ অবরোধের মাধ্যমে ইরানের সঙ্গে যুদ্ধের স্থায়ী সমাধান সম্ভব নয়। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রকে তেহরানের দাবি ও শর্ত পূরণ করতে হবে।
এদিকে সোমবার ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রী জানান, আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। সমঝোতা ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার বিষয়েও কথা হয়েছে।
বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরানের যুদ্ধ করার সক্ষমতা কার্যত শেষ হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত বর্তমান পরিস্থিতি বজায় রাখছে। তিনি জানান, এখনই নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না। তবে পরিস্থিতির পরিবর্তন হলে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।
ট্রাম্পের বক্তব্যের পরও ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ অব্যাহত রয়েছে। ফলে সামরিক সংঘাত কমানোর ইঙ্গিত দিলেও ওয়াশিংটন তেহরানের ওপর চাপ বজায় রেখেছে। অন্যদিকে ইরান বলছে, শর্ত পূরণ ছাড়া যুদ্ধের স্থায়ী অবসান সম্ভব নয়।
এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়ছে সৌদি আরবের নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামোতেও। মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানান, দেশটির রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এর মধ্যে রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল।
এর আগে সোমবার সৌদির মদিনা অঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটে। সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলায় সীমিত অগ্নিকাণ্ড হলেও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাইপলাইনের কার্যক্রম ব্যাহত হয়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় সৌদি আরবের তেল রপ্তানির জন্য পূর্ব-পশ্চিম পাইপলাইনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে এই অবকাঠামোতে হামলার ঘটনা দেশটির জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্র সামরিক সংঘাত আর না বাড়ানোর ইঙ্গিত দিলেও ইরানের ওপর নৌ অবরোধ ও চাপ অব্যাহত রেখেছে। অন্যদিকে তেহরান সাতটি শর্ত পূরণের দাবিতে অনড়। দুই দেশের অবস্থানের এই ব্যবধানের মধ্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও অস্থির রয়েছে।
সূত্র: রয়টার্স, আল-জাজিরা