পাকিস্তানে ৪০০ জনের অংশগ্রহণে ইসলামি শিক্ষা কোর্স চালু সৌদির
বিশ্ব · 2026-11-10T17:08:00.000000Z · ডেস্ক রিপোর্ট
পাকিস্তানে ইসলামি শিক্ষা ও ধর্মীয় প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে সৌদি আরব। রাজধানী ইসলামাবাদের সালাফিয়া বিশ্ববিদ্যালয়ে সৌদি দূতাবাসের ধর্মীয় অ্যাটাশে কার্যালয়ের উদ্যোগে চার দিনব্যাপী এ কোর্স শুরু হয়েছে। এতে প্রায় ৪০০ জন অংশ নিচ্ছেন।
অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন মসজিদের ইমাম, খতিব, ইসলামি বক্তা, গবেষক ও ধর্মীয় শিক্ষার্থী। কোর্সে ইসলামের মৌলিক শিক্ষা, পবিত্র কোরআন ও সুন্নাহর ব্যাখ্যা, ইসলামি ফিকহ, শরিয়াহ এবং সঠিক আকিদা বিষয়ে পাঠদান করা হচ্ছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে ধর্মীয় শিক্ষা ও দাওয়াহ কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, ইসলামি জ্ঞানের প্রসার, ধর্মীয় শিক্ষার মানোন্নয়ন এবং মধ্যপন্থা ও ভারসাম্যপূর্ণ ইসলামি মূল্যবোধ প্রচার করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
এ কর্মসূচির মাধ্যমে পাকিস্তানের ধর্মীয় শিক্ষাবিদ ও ইমামদের সঙ্গে সৌদি আরবের শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।