যুক্তরাষ্ট্রের নির্বাচনে চার সিনেটরসহ পাঁচ মুসলিম নারীর জয়
বিশ্ব · 2026-11-10T17:13:00.000000Z · ডেস্ক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন পাঁচ মুসলিম নারী। তাঁদের মধ্যে চারজন অঙ্গরাজ্য সিনেটের সদস্য নির্বাচিত হয়েছেন, আর একজন জয় পেয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের আসনে। হিজাব পরিহিত এসব নারীর বিজয় দেশটির রাজনীতিতে মুসলিম নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী পাঁচজন হলেন জর্জিয়ার রুয়া রোমান, নিউইয়র্কের আবের কাওয়াস, ইলিনয়ের নাবিলা সৈয়দ, কলোরাডোর ইমান জোদেহ এবং মিনেসোটার ইলহান ওমর। তাঁরা সবাই ডেমোক্রেটিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত।
জর্জিয়ার স্টেট সিনেটের ৭ নম্বর ডিস্ট্রিক্ট থেকে জয় পেয়েছেন রুয়া রোমান। এর আগে তিনি জর্জিয়ার আইনসভায় প্রথম হিজাব পরিহিত মুসলিম নারী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফিলিস্তিনপন্থী ডেমোক্র্যাটদের অবস্থানের পক্ষে কথা বলে জাতীয় পর্যায়েও আলোচনায় আসেন তিনি।
নিউইয়র্কের স্টেট সিনেটের ১২ নম্বর ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস। কুইন্স এলাকার এই রাজনীতিক নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি-আমেরিকান ও প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন। সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
ইলিনয়ের স্টেট সিনেটের ২৬ নম্বর ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী ডারবি হিলসকে পরাজিত করেছেন ২৭ বছর বয়সী নাবিলা সৈয়দ। ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিক ২০২২ সালে অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। এবার সিনেটের আসনে জয় পেলেন তিনি। স্বাস্থ্যসেবায় সমান সুযোগ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো তাঁর রাজনৈতিক অঙ্গীকারের অন্যতম।
কলোরাডোর স্টেট সিনেটের ২৯ নম্বর ডিস্ট্রিক্ট থেকে জয় পেয়েছেন ইমান জোদেহ। এর আগে তিনি অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই জয়ও অঙ্গরাজ্যের আইনসভায় মুসলিম নারীদের প্রতিনিধিত্ব আরও বাড়িয়েছে।
পাঁচ নারীর মধ্যে জাতীয় পর্যায়ে সবচেয়ে পরিচিত মুখ ইলহান ওমর। মিনেসোটার ৫ নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে পঞ্চমবারের মতো মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ২০১৮ সালে কংগ্রেসে নির্বাচিত প্রথম চার মুসলিম সদস্যের একজন ছিলেন ইলহান। একই সঙ্গে তিনি ছিলেন মার্কিন কংগ্রেসের প্রথম হিজাব পরিহিত নারী সদস্য।
সোমালিয়ায় জন্ম নেওয়া ইলহান ওমর শরণার্থী হিসেবে ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে আসেন। পরে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় ধরে তিনি ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান নেতাদের সমালোচনার মুখে পড়েছেন।
নির্বাচনে মুসলিম নারীদের এই সাফল্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম-আমেরিকানদের ক্রমবর্ধমান অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন জাতি ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্বের বিষয়টিও সামনে এনেছে। দেশটিতে মুসলিমবিরোধী বিদ্বেষ ও রাজনৈতিক বিতর্কের মধ্যে তাঁদের বিজয়কে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
সূত্র: ডন, ইসলামিসিটি