দেশি-বিদেশি পর্যটক টানতে নতুনভাবে সাজছে দুর্গাপুর
সারাদেশ · 2026-11-10T13:50:38.000000Z · স্টাফ রিপোর্টার
পাহাড়, নদী, বিস্তীর্ণ সাদামাটির ভূখণ্ড আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি—প্রকৃতির এমন অপার সৌন্দর্যে সমৃদ্ধ নেত্রকোনার দুর্গাপুর। প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের অনন্য সমন্বয়ে গড়ে ওঠা এ জনপদে রয়েছে পর্যটনশিল্পের বিপুল সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশি-বিদেশি পর্যটকদের কাছে দুর্গাপুরকে আরও আকর্ষণীয় করে তুলতে নেওয়া হচ্ছে সমন্বিত উদ্যোগ। পর্যটকদের নিরাপত্তা, আবাসন ও যাতায়াতসেবার মানোন্নয়ন, আধুনিক পর্যটন ব্যবস্থাপনা এবং স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে গুরুত্ব দিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে পর্যটন এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মাধ্যমে সরেজমিন পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্গাপুরের পর্যটনশিল্পের বিকাশ ও সেবার মানোন্নয়নে উদ্যোগ নিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর পরিকল্পনায় পর্যটনকেন্দ্রগুলোকে আরও সুশৃঙ্খল ও পর্যটকবান্ধব করে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
এরই ধারাবাহিকতায় পর্যটনশিল্পের উন্নয়ন, আধুনিক পর্যটন ব্যবস্থাপনা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সুধীজন ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বিজয়পুর সাদামাটি এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাবেক সভাপতি এম এ জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা নীপা বিশ্বাস, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিচাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, উপজেলা বণিক সমিতির সভাপতি রণজিৎ সেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সিপিবির দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর, বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল করিম, সাংবাদিক ওয়ালী হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান কবির এবং যুবদল নেতা রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, বিএনপি নেতা শাহআলম, যুবদল নেতা আল ইমরান সম্রাট গনি, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সুধীজন।
সভায় উপস্থিত ব্যক্তিদের মতামত ও পরামর্শের ভিত্তিতে আগামী শীত মৌসুমে বিজয়পুর সাদামাটি দেখতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, হোটেল-মোটেল ও রেস্তোরাঁর সেবার মান উন্নয়ন এবং স্থানীয় ভ্যান ও অন্যান্য যানবাহনের মাধ্যমে পর্যটনসেবা আরও উন্নত করতে বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় পর্যটন এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের পাশাপাশি পর্যটকদের সার্বিক নিরাপত্তা, যাতায়াতের সুবিধা, আবাসন ব্যবস্থাপনা, খাবারের মান এবং স্থানীয় পর্যায়ে পর্যটনসংশ্লিষ্ট সেবার মানোন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়। বিশেষ করে পর্যটন মৌসুমে অতিরিক্ত পর্যটকের চাপ সামাল দিতে স্থানীয় ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
দুর্গাপুরের পর্যটনশিল্পের বিকাশ ঘটলে স্থানীয় হোটেল-রেস্তোরাঁ ব্যবসা, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, হস্তশিল্প এবং স্থানীয় পণ্য বিপণনের সুযোগ বাড়তে পারে। এতে স্থানীয় তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হওয়ার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি ও জীবনধারা দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।
সভায় সচেতন নাগরিক, শিক্ষক, গণমাধ্যমকর্মী, আবাসিক হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ী, অটোরিকশা ও ভ্যানচালক, বাজার বণিক সমিতির সদস্য, জেলা ও উপজেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
মতবিনিময় সভায় টেকসই পর্যটন নিশ্চিত করতে বিদ্যমান সম্ভাবনার পাশাপাশি বিভিন্ন প্রতিবন্ধকতাও তুলে ধরা হয়। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, পর্যটনশিল্পের বিকাশে তরুণদের অংশগ্রহণ বাড়ছে। এ খাতকে দেশের আয়ের অন্যতম উৎস হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।
প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ দুর্গাপুরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও পরিচিত করে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমন্বিত উদ্যোগ, উন্নত যোগাযোগব্যবস্থা, পর্যটকবান্ধব পরিবেশ এবং পরিবেশ সংরক্ষণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিকল্পনাগুলোর যথাযথ বাস্তবায়ন হলে দুর্গাপুরের পর্যটনশিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।