শ্রীমঙ্গলের সময়

ঢাবির সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে চায় থাইল্যান্ডের এআইটি

শিক্ষা · 2026-11-10T12:56:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেন এআইটির প্রেসিডেন্ট অধ্যাপক পাই-চি লি। এর আওতায় শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে চায় থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)। দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং উচ্চশিক্ষার বিভিন্ন কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এআইটির প্রেসিডেন্ট অধ্যাপক পাই-চি লি। পরে বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনার উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এআইটির সহযোগিতামূলক সম্পর্ক আরও সম্প্রসারণের আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এআইটির প্রেসিডেন্ট অধ্যাপক পাই-চি লি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সহযোগিতার একটি কার্যকর কাঠামো তৈরি করা যেতে পারে।

এই সহযোগিতার আওতায় শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে শিক্ষা কার্যক্রম, গ্রীষ্মকালীন কর্মসূচি এবং বিভিন্ন পেশাগত ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ পরিচালনা সম্ভব বলে জানান তিনি। এআইটির অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন অধ্যাপক পাই-চি লি।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, এআইটির এক্সিকিউটিভ ডিরেক্টর ভোরাভাতে চোনলাসিন, সিনিয়র প্রোগ্রাম অফিসার এস কে শাহীন হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত