শ্রীমঙ্গলের সময়

শিক্ষা সফরের নামে রিসোর্ট ভাড়া, সেখানে গোপন সভা করেন সাবেক এমপি রণজিৎ সরকার

সিলেটের খবর · 2026-11-11T01:10:11.000000Z · জেলা প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের একটি রিসোর্টে শিক্ষা সফরের কথা বলে ভাড়া নেওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সভা করেন সাবেক সংসদ সদস্য রণজিৎ সরকার। সুনামগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে জিজ্ঞাসাবাদ করে সভার স্থান সম্পর্কে তথ্য পাওয়া গেছে। পরে পুলিশ রিসোর্টটি শনাক্ত করে।

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের চাঞ্চল্যকর সেই ‘গোপন সভার’ প্রকৃত স্থান অবশেষে শনাক্ত করেছে পুলিশ। সীমান্ত পেরিয়ে কোনো দুর্গম এলাকায় নয়, বরং সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকার ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ শিক্ষা সফরের আড়ালে ওই সভার আয়োজন করা হয়েছিল।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে সভার এই স্থান নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আটক করা হয় ওই সভায় উপস্থিত থাকা তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল থেকে দুপুর পর্যন্ত তারা মিয়াকে নিবিড় জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেন, সীমান্ত এলাকায় নয়, গোয়াইনঘাটের রাতারগুলের একটি ইকো রিসোর্টে রনজিত সরকারের উপস্থিতিতে ওই সভাটি অনুষ্ঠিত হয়। এরপর তারা মিয়ার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে সরাসরি রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে।

পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন জানান, গত ৮ নভেম্বর একটি তথাকথিত ‘শিক্ষা সফরের’ কথা বলে এক আইনজীবী ওই রিসোর্টটি ভাড়া নেন। সেখানে মূলত সুনামগঞ্জ-১ আসনের আওতাধীন তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর এলাকার প্রায় ১৭৫ জন নেতাকর্মী ও সমর্থক জড়ো হন। রিসোর্টে শুরুতে শিক্ষা সফরের ব্যানার টাঙানো ছিল। সারাদিনের আনুষ্ঠানিকতা শেষে রাতের বেলা সাংস্কৃতিক ও গানের আসর চলাকালীন হঠাৎ সেখানে উপস্থিত হন সাবেক এমপি রনজিত সরকার। এ সময় দ্রুততম সময়ে দলীয় ব্যানার টানিয়ে তিনি সরকারের বিরুদ্ধে কয়েক মিনিট বক্তব্য দেন এবং সেই বক্তব্যের ভিডিও ধারণ করা হয়। বক্তব্য শেষ করেই তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

পুলিশ জানায়, পলাতক থাকা সত্ত্বেও রনজিত সরকার কীভাবে এবং কার সহায়তায় ওই রিসোর্টে প্রবেশ করলেন এবং নিরাপদে সটকে পড়লেন, তা খতিয়ে দেখতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে রনজিতের পেছনে ব্যানার ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাওয়া জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুককেও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার গভীর রাতে জামালগঞ্জের লম্বাবাক এলাকায় ওমর ফারুকের বাড়িতে পুলিশের একটি দল তল্লাশি চালালেও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে সাবেক এই এমপির সরকারবিরোধী বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দিনভর তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত