শ্রীমঙ্গলের সময়

অনলাইন জুয়ার অভিযোগে ঈশ্বরগঞ্জে গ্রেপ্তার ১

জাতীয় · 2026-11-16T08:24:48.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আসরে পুলিশের অভিযানে মো. ফারদিন এহসান রাতুল (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার মুঠোফোনে অনলাইন জুয়া খেলার ১৩ পাতার স্ক্রিনশট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশংকর গ্রামে মানিক ভূঁইয়ার বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গায় এ অভিযান চালানো হয়। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার রাতুলকে আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, রাত্রীকালীন টহল ও বিশেষ অভিযান চলাকালে রাত সাড়ে ৩টার দিকে হারুয়া বাজার এলাকায় গোপন সূত্রে খবর পান ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মুকুল সরকার। চরশংকর গ্রামের একটি ফাঁকা জায়গায় কয়েকজন অনলাইন জুয়াড়ি জড়ো হয়েছেন বলে তাকে জানানো হয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি অবহিত করে তার নির্দেশনায় সেখানে অভিযান চালানো হয়। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়ো হওয়া ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সহায়তায় রাতুলকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যান। পরে সাক্ষীদের উপস্থিতিতে রাতুলের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি কালো রঙের ভিভো ভি-৩০ মডেলের মুঠোফোন উদ্ধার করা হয়। ওই ফোনে অনলাইন জুয়া খেলার ১৩ পাতার স্ক্রিনশট পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার রাতুল চরশংকর গ্রামের মাইনুদ্দিন ভূঁইয়া ও জাকিয়া সুলতানার ছেলে।

এ ঘটনায় ১৫ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা হয়েছে। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে থানা-পুলিশ তৎপর রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত