টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: ১০০ ক্যান হান্টার বিয়ার উদ্ধার
সারাদেশ · 2026-11-16T07:40:26.000000Z · সিনিয়র রিপোর্টার
কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ ক্যান হান্টার বিয়ার উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকা থেকে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে আলীখালী এপিবিএন ক্যাম্পের একটি নিয়মিত টহল দল ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-০৮ ব্লকের পশ্চিম পাশে খালের পাড় এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় সেখানে একটি সন্দেহজনক কার্টন পড়ে থাকতে দেখেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।পরবর্তীতে কার্টনটি তল্লাশি করে এর ভেতর থেকে ৩৩০ মিলিলিটার ধারণক্ষমতার মোট ১০০ ক্যান হান্টার বিয়ার উদ্ধার করা হয়। এপিবিএন জানিয়েছে, উদ্ধার হওয়া বিয়ারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।আইনগত প্রক্রিয়া সম্পর্কে পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে যথাযথ নিয়মে জব্দতালিকা প্রস্তুত করে বিয়ারগুলো আটক করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িতরা তাৎক্ষণিকভাবে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কার্টনটি কারা বা কোথা থেকে এনে সেখানে ফেলে রেখেছিল, সে বিষয়ে পুলিশ ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।উদ্ধার করা মাদকদ্রব্য ও অবৈধ মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।