শ্রীমঙ্গলের সময়

একটি ব্রিজের অপেক্ষায় ৫৬ বছর অথৈ দুর্ভোগে ১৫ হাজার মানুষ

সারাদেশ · 2026-11-16T08:26:20.000000Z · স্টাফ রিপোর্টার

স্বাধীনতার ৫৬ বছর অপেক্ষা। একটি ব্রিজের অভাবে জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের ১৫ হাজার মানুষ চরম ভোগান্তি আর দুর্ভোগে রয়েছেন। কর্তৃপক্ষের অপেক্ষা অগ্রাধিকার ভিত্তিক সমীকরণ। সাধারণ মানুষের কষ্ট লাঘবে নেই তাড়া। ৫৬ বছর পরেও অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজ নির্মাণের জটিলতা কবে কাটবে তা নিয়েই প্রশ্ন সাধারণের।

সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর একটি ব্রিজের অভাবে প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, ভ্যানচালকসহ সাধারণ মানুষ। বিলের পাড় খালের ওপর একটি ছোট ব্রিজ নির্মাণে কর্তৃপক্ষের অগ্রাধিকারভিত্তিক জটিলতায় দিন গুনছেন। বারবার আবেদন করেও এই খালের ওপর ব্রিজ নির্মাণ হয়নি।

বর্ষার সময় নৌকা আর শুকনো মওসুমে ধানখেত মাড়িয়ে গন্তব্যে যেতে হয় স্থানীয় এলাকাবাসীসহ পাঁচ গ্রামের পথচারীদের। বিশেষ করে কৃষকদের চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের উৎপাদিত ফসল নিয়ে। ব্রিজ না থাকায় প্রায় তিন কিলোমিটার ঘুরে বাড়িতে নিয়ে আসতে হয় ফসলগুলো। খালের পশ্চিম পাশে অবস্থিত বিলেরপাড় গ্রামের বসবাসকারী অটোচালক, মোটরসাইকেল ও ব্যবসায়ীদের তিন কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। বারবার স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোনো লাভ হয়নি।  

অথচ একটি ব্রিজ নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ পাল্টে যাবে বেশ কয়েকটি গ্রামের আর্থ-সামাজিক অবস্থা। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজ নির্মাণে প্রস্তাবনা পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মাঝখানে রয়েছে ছোট একটি খাল। বিলেরপাড় গ্রামকে বিভক্ত করে রেখেছে এই খালটি। এই খালটির কারণে যত দুর্ভোগ পোহাতে হচ্ছে সর্বসাধারণকে। খালটির দুই মাথায় রয়েছে রাস্তা। এই রাস্তা দিয়ে চলাচল করেন বিলেরপাড়, ডেরুরবিল, বাংগালপাড়া, বালুরগ্রাম, কুতুবের চর গ্রামের ১৫ হাজার মানুষ।

বছরের বেশির ভাগ সময় এই খালটিতে পানি জমে থাকায় নানা পেশার মানুষকে দুর্ভোগে পড়তে হয়। খাল পার হতে গিয়ে শিশুশিক্ষার্থীসহ প্রবীণরা প্রায়ই বিপদের সম্মুখীন হন। অথৈ পানি সাঁতরিয়ে জামাকাপড় ভিজিয়ে এই খাল পার হয়ে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়। বিশেষ করে গর্ভবতী নারীদের সন্তান প্রসবের জন্য হাসপাতালে পৌঁছাতে অনেক ভোগান্তি পোহাতে হয়। ফলে ৫৬ বছর ধরে একটি ব্রিজের অপেক্ষার প্রহর গুণছেন এই এলাকার মানুষ।

স্থানীয়দের দাবি এই খালের ওপর একটি ব্রিজ নির্মিত হলে জনভোগান্তি যেমন কমে যাবে তেমনি গ্রামীণ অর্থনীতির গতি সঞ্চার হবে। সেই সঙ্গে বদলে যাবে এই জনপদের মানুষের যোগাযোগ ব্যবস্থা। তাই বিলেরপাড় খালের ওপর দ্রুত একটি ব্রিজ নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

বিলেরপাড় গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, আমাদের সব আবাদ হয় বিলের পশ্চিম পাশে। ফসল ঘরে তুলতে হলে বিলের পানি বেয়ে নিয়ে যেতে হয়। এখানে একটি ব্রিজ নির্মিত হলে কৃষকদের ভোগান্তি কমে যাবে।

একই গ্রামের ছাত্তার মিয়া বলেন, জুমার নামাজ পড়তে বিলের পূর্ব পাশে জামে মসজিদে যেতে হয়। বর্ষার সময় নৌকা দিয়ে পার হয়ে মসজিদে যেতে হয়।

পল্লী চিকিৎসক হযরত আলী বলেন, এমপি, মন্ত্রীসহ অনেক সরকার পরিবর্তন হলেও অনুন্নত বিলেরপাড় গ্রামে কোনো উন্নয়ন হয়নি। এমনকি এই গ্রামের রাস্তাটি বন্যায় বিধ্বস্ত হলেও তা নতুন করে নির্মাণ করা হয়নি। জনদুর্ভোগ লাঘবে বিলেরপাড় খালের ওপর ব্রিজ নির্মাণসহ রাস্তাটি দ্রুত মেরামত করা প্রয়োজন।

এ ব্যাপারে এলজিইডির বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী হাফিজুল ইসলাম জানান, খোঁজ নিয়ে দেখেছি, এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ প্রয়োজন। ব্রিজটি নির্মাণ হলে জনগণের কষ্ট দূর হবে। তাই দ্রুত ব্রিজ নির্মাণে প্রস্তাবনা পাঠানোসহ এলজিইডির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত