শ্রীমঙ্গলের সময়

তারাকান্দায় রাতভর রাজপথে বিএনপি নেতাকর্মীদের পাহারা

রাজনীতি · 2026-11-19T07:07:15.000000Z · স্টাফ রিপোর্টার

 কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ময়মনসিংহের তারাকান্দায় রাতভর রাজপথে অবস্থান ও পাহারা দিয়েছেন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার ও আশপাশের এলাকায় তাঁদের সতর্ক অবস্থানে দেখা যায়। অন্যদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলার বিভিন্ন স্থানে টহল জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ সতর্কতামূলক অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির নেতাকর্মীরা জানান, তাঁরা কোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ বা বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে রয়েছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী সতর্ক অবস্থান অব্যাহত রাখবেন বলেও জানান তাঁরা।

এদিকে, ফুলপুর-তারাকান্দা বিএনপির পক্ষ থেকে তারাকান্দা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস সালাম তালুকদার সোবাহানের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে নাশকতা ও অগ্নিসংযোগের আশঙ্কা বিবেচনায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৭ বছর ধরে ফুলপুর-তারাকান্দার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। ভবিষ্যতেও তাঁরা রাজপথে সক্রিয় থাকবেন।

এরই ধারাবাহিকতায় তারাকান্দা উপজেলার সব ইউনিয়নে মিছিল, দিন-রাত পাহারা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পাশাপাশি উপজেলা সদরের বাজার ও আশপাশের এলাকায় সতর্ক দৃষ্টি রাখার জন্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার এবং তারাকান্দা উপজেলা বিএনপির সদস্যসচিব ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম তালুকদার সোবাহানের নাম উল্লেখ করা হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত