শ্রীমঙ্গলের সময়

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে প্রধানমন্ত্রীকে সংলাপের পরামর্শ বিরোধীদলীয় নেতার

রাজনীতি · 2026-11-19T08:48:51.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক


ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখা এবং ফ্যাসিবাদের মূলোৎপাটন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সংশ্লিষ্ট দলীয় ও সংসদ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতাকে ফোন করে চা পানের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার মধ্যে প্রায় ১৫ মিনিট একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।
বৈঠক সূত্রে জানা যায়, চায়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করা এবং সর্বদলীয় মিছিল আয়োজনের বিষয়ে কথা বলেন। জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সর্বদলীয় গণমিছিলের পরিবর্তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজনের পরামর্শ দেন।
আলোচনায় বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধ এবং দেশের বৃহত্তর স্বার্থে এই ঐক্য আরও শক্তিশালী করা জরুরি। এ সময় তিনি ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত রাখতে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগের সঙ্গে বিরোধীদলীয় নেতার বক্তব্য ও পরামর্শগুলো শুনেছেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত