শ্রীমঙ্গলের সময়

সেলাই মেশিনের সেলাইয়েই চলছে শারীরিক প্রতিবন্ধী সুরভীর জীবনসংগ্রাম

সারাদেশ · 2026-11-14T15:22:06.000000Z · জেলা প্রতিনিধি

শারীরিক প্রতিবন্ধকতা, পারিবারিক নির্যাতন ও অভাব-অনটনের সঙ্গে লড়াই করে জীবন চালিয়ে যাচ্ছেন নওগাঁর আত্রাই উপজেলার সুরভী খাতুন (৩৫)। ছোট মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে আশ্রয় নেওয়া এই নারী পুরোনো সেলাই মেশিনে কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করছেন। নিজের পায়ে দাঁড়াতে একটি ইলেকট্রিক সেলাই মেশিন ও নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দেখছেন তিনি।

শারীরিক প্রতিবন্ধকতা, পারিবারিক নির্যাতন আর চরম অভাব-অনটন—সব প্রতিকূলতাকে পেছনে ফেলে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন নওগাঁর আত্রাই উপজেলার সুরভী খাতুন (৩৫)। স্বামীর সংসার ছেড়ে বর্তমানে ছোট মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে আশ্রয় নিয়ে পুরোনো একটি সেলাই মেশিনে কাপড় সেলাই করে জীবিকা নির্বাহ করছেন এই সংগ্রামী নারী। একটু সহযোগিতা পেলে মাথা গোঁজার ঠাঁই আর একটি ইলেকট্রিক সেলাই মেশিন দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তিনি।

​খোঁজ নিয়ে জানা গেছে, সুরভী খাতুন উপজেলার মনিয়ারী ইউনিয়নের ফটকিয়া বাঁশবাড়িয়া গ্রামের মৃত বাচ্চু পাং ও মোছা. সাজেদা বেগমের মেয়ে। প্রায় ১৯ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল পাঁচুপুর ইউনিয়নের মধুগুড়নই গ্রামের সেন্টু শাহর (৪৫) সঙ্গে। এই দম্পতির সংসারে দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে এবং ছোট মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করছে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী সেন্টু শাহ নেশায় আসক্ত হয়ে বিভিন্ন সময় সুরভীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসতেন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে দুই বছর আগে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন তিনি।

​বাবা বেঁচে না থাকায় মায়ের বাড়িতেও প্রতিনিয়ত অভাব-অনটনের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁকে। তবে পরিবারের বোঝা না হয়ে সুরভী নিজেই কিছু করার তাগিদ অনুভব করেন। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পুরোনো একটি সেলাই মেশিনে কাপড় সেলাই করে যা আয় হয়, তা দিয়েই কোনোমতে নিজের ও মেয়ের অন্নসংস্থান করছেন তিনি। সরকারি সহায়তার মধ্যে বর্তমানে তিনি শুধু একটি প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, যা দিয়ে এই বর্তমান বাজারে চলা প্রায় অসম্ভব।

​বর্তমানে মায়ের সঙ্গে একই কক্ষে গাদাগাদি করে বসবাস করছেন সুরভী ও তাঁর ছোট মেয়ে। সন্তানকে নিয়ে আলাদা একটি ঘর বা মাথা গোঁজার মতো নিজস্ব কোনো ঠাঁই নেই তাঁদের। শত কষ্টের মাঝেও মেয়েকে মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখেন এই জননী। একটি নিরাপদ আশ্রয় এবং আধুনিক বা ইলেকট্রিক সেলাই মেশিন পেলে কাজের গতি বাড়িয়ে আরও ভালোভাবে জীবনসংগ্রাম চালিয়ে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

​এ বিষয়ে মনিয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, “সুরভী মেয়েটি শারীরিক প্রতিবন্ধী এবং খুবই অসহায় পরিবারের। স্বামীর অত্যাচারে বর্তমানে সে মায়ের বাড়িতে থাকছে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে তাঁর জন্য একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছি। সরকারি বা বিত্তবানরা যদি মেয়েটির দিকে একটু সুনজর দেন, তাহলে হয়তো সে আরও একটু স্বাবলম্বী হয়ে সুন্দর জীবনযাপন করতে পারবে।”

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত