সুনামগঞ্জ সীমান্তে ৪০ স্থানে ক্যামেরা বসাচ্ছে বিজিবি
সিলেটের খবর · 2026-11-14T15:37:21.000000Z · জেলা প্রতিনিধি
রনজিত সরকারের রাতারগুলে সভা ও পরে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার ঘটনার পর সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তের ৪০ স্থানে নজরদারি ক্যামেরা বসাচ্ছে বিজিবি। দুই দিনে সাতটি স্থানে বসানো হয়েছে। ক্যামেরা ২৮ বিজিবির মনিটরিং কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে।
সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তের ৪০টি স্থানে অত্যাধুনিক নজরদারি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। ইতিমধ্যে সুনামগঞ্জ-১ আসনের বারেকের টিলাসহ সাতটি স্থানে ক্যামেরা স্থাপন করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রনজিত সরকারের সম্প্রতি সিলেটের সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করে সভা করার ঘটনার পর সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এ উদ্যোগ নেওয়া হলো।
জানা গেছে, ৮ নভেম্বর আওয়ামী লীগের সিলেটের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রনজিত সরকার সিলেট নগর থেকে ২৬ কিলোমিটার দূরে রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে একটি সভা করেন। সেখানে তিনি সরকারের সমালোচনা করে বক্তব্য দেন বলে জানা গেছে। পরে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান। পরদিন তিনি নিজের ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি ভিডিও আপলোড করলে আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবির মধ্যে তোলপাড় শুরু হয়। বিষয়টি নিয়ে জাতীয় সংসদসহ জাতীয় পর্যায়েও আলোচনা চলছে।
বিজিবি সূত্রে জানা গেছে, তাহিরপুর সীমান্তের এলসি পয়েন্টগুলো, চারাগাঁও, লালঘাট, লাকমা ও বারেকের টিলাসহ বেশ কিছু চিহ্নিত পয়েন্ট এই নজরদারির আওতায় আনা হচ্ছে। বিজিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, অতীতে যেসব পথে সীমান্তের এপার থেকে ওপারে ভারতীয় সীমানায় যানবাহন, বিশেষ করে গাড়ি ও মোটরসাইকেল চলাচলের রেকর্ড আছে, সেসব স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। স্থান চিহ্নিত করতে পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার পরামর্শ নেওয়া হয়েছে। এর আগে বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা লক্ষ্যস্থলগুলো ঘুরে দেখেছেন।
ক্যামেরাগুলো ২৮ বিজিবির মনিটরিং কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া ব্যাটালিয়ন অধিনায়কের মোবাইল ফোনের সঙ্গেও ক্যামেরাগুলোর সংযোগ থাকবে। কেউ ক্যামেরা ভাঙা বা নষ্ট করার চেষ্টা করলে দ্রুত তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যেসব স্থানে বিদ্যুৎ সুবিধা নেই, সেখানে সোলার প্যানেল বসিয়ে ক্যামেরা সচল রাখা হবে।
২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, সীমান্তে নজরদারি ক্যামেরা বসানোর উদ্যোগ আগে থেকেই ছিল। তবে রাতারগুলের ঘটনার পর বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, ৪০টিরও বেশি স্থান চিহ্নিত করে ক্যামেরা বসানো হবে এবং এর জন্য সরকারের কাছ থেকে অর্থায়ন পাওয়া যাবে। এর বাইরের স্থান দিয়েও যাতে কোনো অপরাধকর্ম না হয়, সেটিও গুরুত্বের সঙ্গে নজরদারি করা হবে বলে তিনি জানান।
সীমান্তের এক বাসিন্দা, যিনি স্কুল শিক্ষক, বলেন, বিজিবি শুধু ৪০টি স্থান চিহ্নিত করে সেগুলো পর্যবেক্ষণ করলে এবং অন্য অংশে নজরদারি কমিয়ে দিলে সীমান্ত অপরাধের সঙ্গে যুক্ত বা সীমান্ত পারাপারে আগ্রহী ব্যক্তিরা অন্য পথ ব্যবহারের চেষ্টা করতে পারেন।