ময়মনসিংহে ৪৫ সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে ২০ লাখ টাকার চেক বিতরণ
সারাদেশ · 2026-11-14T15:38:30.000000Z · স্টাফ রিপোর্টার
সাংবাদিকের মৃত্যুতে পরিবারের আর্থিক সহায়তা, সন্তানদের লেখাপড়ার ব্যয় এবং পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য ময়মনসিংহ অঞ্চলের ৪৫ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ২০ লাখ ২০ হাজার টাকার সরকারি অনুদান বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুদানপ্রাপ্তদের মধ্যে নেত্রকোনার ৮ জন, শেরপুরের ১ জন এবং ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার ৩৬ জন রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাছুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম এবং সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলী।
অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ভাতা চালুর বিষয়টি নিয়েও সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। সরকারের সদিচ্ছা থাকায় এ উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর। এ সময় অনুদানপ্রাপ্ত ব্যক্তিদের পাশাপাশি স্থানীয় সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।