মৃত্যুর কাছে হার মানলেন এসআই ফরিদ, শোকে স্তব্ধ ঈশ্বরগঞ্জ
সারাদেশ · 2026-11-14T15:37:05.000000Z · স্টাফ রিপোর্টার
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফরিদ আহমেদের মৃত্যুতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামের সরকার বাড়িসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
ফরিদ আহমেদ ঈশ্বরগঞ্জ উপজেলার ৮ নম্বর রাজিবপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামের সরকার বাড়ির বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য তোফাজ্জল হোসেনের মেজো ছেলে। গত ১ নভেম্বর সকাল ১০টা ৫০ মিনিটে টাঙ্গাইলের বাসাইল থানার তারুটিয়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সরকারি দায়িত্ব পালনকালে মোটরসাইকেলের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে (বর্তমানে কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসি) নেওয়া হয় তাকে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে আবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হলে সেখানে আইসিইউতে তার মৃত্যু হয়।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এবিএম খোরশেদ আলম ভূঁইয়া (জুয়েল) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ফরিদ আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করে শোক প্রকাশ করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টায় গ্রামের বাড়িতে ফরিদ আহমেদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ফরিদ আহমেদের শিক্ষাজীবন শুরু হয় ঈশ্বরগঞ্জে। তিনি রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি আদর্শ উচ্চবিদ্যালয়ের কলেজ শাখা থেকে এইচএসসি পাস করেন। পরে ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক পদে যোগ দেন তিনি।
তিন ভাইয়ের মধ্যে ফরিদ ছিলেন মেজো। তার ছোট ভাই বুলবুল আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। বড় ভাই কামাল হোসেন স্থানীয় বাজারে ব্যবসা করেন। কর্মজীবনে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনের পর সর্বশেষ টাঙ্গাইলের বাসাইল থানায় কর্মরত ছিলেন ফরিদ।
ভাইয়ের মৃত্যুতে শোকাহত বড় ভাই কামাল হোসেন বলেন, 'আমার ভাই ফরিদের মতো মানুষ হয় না। কর্মজীবনে সে খুব সৎ ছিল। যে এলাকায় যেত, সেখানকার মানুষ তাকে আপন করে নিত। একটি টাকাও সে ঘুষ নিত না। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।'
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, 'ফরিদ আহমেদ একজন সৎ, কর্তব্যপরায়ণ ও চৌকস কর্মকর্তা ছিলেন। সেবাপ্রার্থীরা কোনো অভিযোগ নিয়ে থানায় এলে তাকে খুঁজতেন। এমন একজন সহকর্মীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের পুলিশ সুপারও শোকবার্তা দিয়েছেন। তার জানাজায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানাবেন। চিকিৎসার ব্যয় বাবদ জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা তার পরিবারকে দেওয়া হবে।'