শ্রীমঙ্গলের সময়

রেলপথে পণ্য পরিবহন বাড়াতে ২ হাজার ৭৬৯ কোটি টাকার প্রকল্প সরকারের

জাতীয় · 2026-11-17T05:29:00.000000Z · ডেস্ক রিপোর্ট

রেলওয়ের পুরোনো ইঞ্জিনের সংকট কাটানো এবং পণ্য পরিবহনে সক্ষমতা বাড়াতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্প নিয়েছে সরকার। নতুন ৩০টি ইঞ্জিন যুক্ত হলে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেন পরিচালনার সুযোগ বাড়বে বলে আশা করছে রেলওয়ে।

দেশের পণ্য পরিবহনে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানো এবং পুরোনো ও জরাজীর্ণ ইঞ্জিনের সংকট কাটাতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্প নিয়েছে সরকার। ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক এ প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ করা হবে।

নতুন ইঞ্জিন যুক্ত হলে রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে ট্রেন পরিচালনায় বিদ্যমান সীমাবদ্ধতা কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দেশের গুরুত্বপূর্ণ মিটারগেজ রুটগুলোতে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেন পরিচালনার সুযোগ বাড়ানোই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা। বাকি ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। অর্থাৎ প্রকল্পের প্রায় ৭১ শতাংশ অর্থায়ন আসবে এই উন্নয়ন সহযোগী সংস্থার ঋণ থেকে।

প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২০২৬ সালের ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বাসসকে বলেন, রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো প্রয়োজনীয় লোকোমোটিভের ঘাটতি। অনেক পুরোনো ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনা করতে হচ্ছে। নতুন ৩০টি মিটারগেজ লোকোমোটিভ যুক্ত হলে এ সংকট অনেকটাই কমবে। এর ফলে বিদ্যমান রেলপথে ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়বে এবং যাত্রী ও পণ্য পরিবহনে আরও ভালো সেবা দেওয়া সম্ভব হবে।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সংস্থাটির বহরে মোট ২৯২টি লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ১৬৪টি মিটারগেজ এবং ১২৮টি ব্রডগেজ। তবে মিটারগেজ ইঞ্জিনগুলোর বড় একটি অংশের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেছে।

রেলওয়ের যান্ত্রিক বিধিমালা অনুযায়ী, একটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর। অথচ বর্তমানে ব্যবহৃত ১১৫টি মিটারগেজ লোকোমোটিভের আয়ুষ্কাল ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬২টি ইঞ্জিনের বয়স ৪০ বছরের বেশি। দীর্ঘদিন ব্যবহারের কারণে এসব ইঞ্জিনের কার্যক্ষমতা কমেছে। পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে।

অনেক পুরোনো ইঞ্জিনের যন্ত্রাংশ বাজারে পাওয়া যায় না। ফলে বিকল্প উপায়ে যন্ত্রাংশ সংগ্রহ করতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। কোনো ইঞ্জিন বিকল হলে তা মেরামত করে আবার চালু করতেও দীর্ঘ সময় লাগে। এতে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা সীমিত হয়ে পড়ে।

প্রকল্পের আওতায় প্রতিটি নতুন লোকোমোটিভের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৬৯ কোটি টাকা। কোন দেশ বা প্রতিষ্ঠানের কাছ থেকে ইঞ্জিন কেনা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। ইঞ্জিন কেনার পাশাপাশি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ, সরঞ্জাম, বিশেষায়িত টুলস এবং কারিগরি সহায়তাও সংগ্রহ করা হবে।

এ ছাড়া রেলওয়ের প্রকৌশলী, সুপারভাইজার এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কারিগরি বিশেষজ্ঞদের মাধ্যমে স্থানীয় প্রকৌশলী ও কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য সার্ভিস ইঞ্জিনিয়ারের মাধ্যমে কারিগরি সহায়তাও পাওয়া যাবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বাসসকে বলেন, সরকার রেলওয়েকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে দেখতে চায় না। দেশের পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানোও অন্যতম লক্ষ্য। সড়কপথের ওপর চাপ কমাতে এবং তুলনামূলক সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রেলপথের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

বর্তমানে দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনের মাত্র ৩ থেকে ৪ শতাংশ রেলপথে হয়ে থাকে। অথচ তুলনামূলক কম খরচে বিপুল পরিমাণ পণ্য দীর্ঘ দূরত্বে পরিবহনের সম্ভাবনা রয়েছে রেলওয়ের। চাল, গম, সার, জ্বালানি তেল, পাথর, বালু, শিল্পকারখানার কাঁচামাল ও কনটেইনারসহ বিভিন্ন পণ্য রেলপথে পরিবহন করা হয়।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে রেলপথে ৫৪ লাখ ৬৭ হাজার টন পণ্য পরিবহন করা হয়। ২০২১-২২ অর্থবছরে এ পরিমাণ ছিল ৫৩ লাখ ৩৩ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৪৪ লাখ ১৪ হাজার ২০২ টনে।

রেলপথে পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে শুধু নতুন ইঞ্জিন সংগ্রহই যথেষ্ট নয়। এর পাশাপাশি ওয়াগনের সংখ্যা বাড়ানো, পণ্য ওঠানো-নামানোর সুবিধা সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে রেল যোগাযোগ আরও কার্যকর করা প্রয়োজন। বর্তমানে ইঞ্জিন ও ওয়াগনের স্বল্পতা এবং পণ্য ওঠানো-নামানোর অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে রেলওয়ে তার পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারছে না।

রেলওয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সংস্থাটির প্রয়োজন প্রায় ৭০ থেকে ৮০টি লোকোমোটিভ। সে তুলনায় বর্তমান প্রকল্পে সংগ্রহ করা হচ্ছে ৩০টি ইঞ্জিন। ফলে নতুন ইঞ্জিন যুক্ত হলেও পর্যায়ক্রমে আরও লোকোমোটিভ সংগ্রহের প্রয়োজন থাকবে।

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বাসসকে বলেন, দেশের রেলওয়ে নেটওয়ার্কে বিশেষ করে মিটারগেজ লোকোমোটিভের উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। এ কারণে অনেক সময় বিদ্যমান সক্ষমতা অনুযায়ী ট্রেন পরিচালনা করা সম্ভব হয় না। সরকার এ সংকট নিরসনে পর্যায়ক্রমে নতুন লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের প্রকল্প বাস্তবায়িত হলে রেলওয়ের ইঞ্জিন সংকট অনেকটা কমবে এবং যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে। পাশাপাশি পুরোনো ও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের ওপর নির্ভরতা কমিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর রেল পরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

সরকার দীর্ঘমেয়াদে দেশের রেল নেটওয়ার্ক আধুনিকায়ন এবং পর্যায়ক্রমে মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা নিয়েও কাজ করছে। রেলওয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে দেশের মিটারগেজ রেললাইনগুলো ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তবে এ কার্যক্রম বাস্তবায়নে সময় লাগতে পারে। তাই রূপান্তরের আগ পর্যন্ত বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল রাখা এবং এর সক্ষমতা বাড়ানোও গুরুত্বপূর্ণ।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটারগেজ রুটে যাত্রী ও পণ্য পরিবহনের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে নতুন ইঞ্জিনের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে ওয়াগন, রক্ষণাবেক্ষণব্যবস্থা এবং পণ্য ওঠানো-নামানোর অবকাঠামো উন্নয়নও জরুরি। সূত্র: বাসস

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত