শ্রীমঙ্গলের সময়

মৌলভীবাজারে তামাক নিয়ন্ত্রণ আইনে দুই দোকানকে ৪ হাজার টাকা জরিমানা

সিলেটের খবর · 2026-11-15T09:11:26.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার


মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকায় তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে দুটি দোকানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।​রোববার (১৫ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি ও সিরাজুম মুনিরা হোসাইনী।​প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে একটি দোকানে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে তামাকজাত দ্রব্য বিক্রি এবং দোকানে সিগারেটের বিজ্ঞাপনসংবলিত ব্যানার প্রদর্শনের সত্যতা পাওয়া যায়। পরে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’-এর ৫ ও ৬(খ) ধারা লঙ্ঘনের অপরাধে দুটি দোকানকে পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।​আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ নির্ধারিত স্থানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি দণ্ডনীয় অপরাধ।​অভিযানকালে ব্যবসায়ীদের তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে মেনে ব্যবসা পরিচালনা করার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকমুক্ত পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত