গোপালগঞ্জে আবারও বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
সারাদেশ · 2026-11-15T12:19:44.000000Z · মোঃ সাইফুল ইসলাম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন বাজারে দুই দিনের ব্যবধানে ঘটে যাওয়া এসব হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতি বাজারে বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। পরে সেখানে অগ্নিসংযোগ করা হলে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।এর আগে, শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজারেও বিএনপির একটি কার্যালয়ে হামলা চালানো হয়। কুশলী ইউনিয়ন বিএনপির ওই কার্যালয়ের পাশাপাশি আশপাশের কয়েকটি দোকানেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিলফা বাজারে হামলার পর দুর্বৃত্তরা বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। একপর্যায়ে নিলফা বাজার থেকে টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়, যার ফলে পাটগাতি-গোপালগঞ্জ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।রোববার দুপুরে পাটগাতি বাজারে ফের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পরপর এসব হামলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।পরপর দুই দিনের এসব সহিংসতার ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার ঘটনায় ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।