হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বিট এলাকায় অভিযান চালিয়ে ৯ টুকরো (১২.৪৮ ঘনফুট) চিকরাশি কাঠসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে বন বিভাগ।রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ছালিয়ার আব্দা বটেরতল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে বনকর্মীদের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় বন থেকে অবৈধভাবে কেটে পাচার করার সময় ১২.৪৮ ঘনফুট পরিমাপের ৯ টুকরো চিকরাশি কাঠবোঝাই একটি পিকআপভ্যান জব্দ করা হয়। তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে গাড়িচালক পালিয়ে যেতে সক্ষম হন।এ বিষয়ে রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, দেশের বনসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।