শ্রীমঙ্গলের সময়

ইয়াবাসহ আটক নোবিপ্রবির ল্যাব টেকনিশিয়ান, সাবেক ছাত্রলীগ নেতা

শিক্ষা · 2026-11-15T11:47:00.000000Z · ডেস্ক রিপোর্ট

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের আইচের টেক বাজারে এক পিস ইয়াবাসহ জনতার হাতে আটক হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ল্যাব টেকনিশিয়ান হুমায়ুন কবির। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, হুমায়ুন কবির নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭ নম্বর বাটইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, তিনি বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আইচের টেক বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা প্রথমে এক পিস ইয়াবাসহ হুমায়ুন কবিরকে আটক করেন। পরে বিষয়টি সেনবাগ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

পরবর্তীতে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হুমায়ুন কবির নিজের মুখে ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। তিনি গত চার মাস ধরে ইয়াবা সেবন করছেন এবং বাড়িতে গেলে প্রতি সপ্তাহে দুটি করে ইয়াবা সেবন করেন বলে ইউএনওর কাছে স্বীকারোক্তি দেন।

ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, হুমায়ুন কবির দুই সন্তানের জনক।

এ বিষয়ে সেনবাগ থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবাসহ আটকের পর তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত