শ্রীমঙ্গলের সময়

জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

সারাদেশ · 2026-11-15T12:31:09.000000Z · স্টাফ রিপোর্টার

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস ছালাম (৫৩) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও গুরুতর আহত হয়ে ময়মনসিংহ ও ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের স্থল উত্তরপাড়া এলাকায় তারাকান্দি-পিংনা বাজারগামী পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস ছালাম সরিষাবাড়ী উপজেলার স্থল উত্তরপাড়া গ্রামের মৃত নজর আলী মন্ডলের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে পথচারী আব্দুস ছালামসহ মোটরসাইকেলের চালক ও আরোহীরা গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহে নেওয়ার পথে মুক্তাগাছা এলাকায় পৌঁছালে রাত সোয়া ২টার দিকে আব্দুস ছালাম মারা যান।

এদিকে দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী সিয়াম (১৫) ও কাউসার মিয়া (১৫) উভয়েই আওনা চরের গঞ্চিয়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে সিয়াম ঢাকায় এবং কাউসার মিয়া ময়মনসিংহে চিকিৎসাধীন আছেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত