গতবারের তুলনায় ঢাকা বোর্ডে পাসের হার কমে ৬১.৮০ শতাংশ
শিক্ষা · 2026-10-31T06:19:00.000000Z · ডেস্ক রিপোর্ট
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.৮০ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৪.৬২ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে বোর্ডটিতে পাসের হার কমেছে ২.৮২ শতাংশ পয়েন্ট।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬১.৮০ শতাংশে। গত বছরের তুলনায় এবার বোর্ডটিতে পাসের হার কমেছে ২.৮২ শতাংশ পয়েন্ট। ২০২৫ সালে ঢাকা বোর্ডে পাসের হার ছিল ৬৪.৬২ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।
এবার সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। মোট উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর সারা দেশে পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন।
এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। অধিকাংশ বোর্ডের পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছিল। পরে ওই বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়।