শ্রীমঙ্গলের সময়

যশোর বোর্ডে পাসের হার ৪৫ শতাংশের নিচে, গতবারের চেয়ে কত কম?

শিক্ষা · 2026-10-31T05:54:00.000000Z · ডেস্ক রিপোর্ট

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪.৯২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫০.২০ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে বোর্ডটিতে পাসের হার কমেছে ৫.২৮ শতাংশ পয়েন্ট।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪.৯২ শতাংশ। অর্থাৎ এ বছর বোর্ডটির অর্ধেকেরও কম পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫০.২০ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৫.২৮ শতাংশ পয়েন্ট।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এরপর দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।

এবার সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ। মোট উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন।

এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। অধিকাংশ বোর্ডের পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছিল। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়ে ৯ সেপ্টেম্বর শেষ হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত