শ্রীমঙ্গলের সময়

১১ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ, বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪%,

শিক্ষা · 2026-10-31T07:02:00.000000Z · ডেস্ক রিপোর্ট

জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন; গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৭.৭৩ শতাংশীয় পয়েন্ট

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে। এ ছাড়া বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। ফল প্রকাশের সময় তিনি বলেন, এবারের ফল যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। পরীক্ষায় পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন।

গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশীয় পয়েন্ট। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন।

এবারের ফলাফলে বরিশাল বোর্ডে পাসের হার ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। একই সঙ্গে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস না করায় প্রতিষ্ঠানগুলোর ফলাফল নিয়েও আলোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত