শ্রীমঙ্গলের সময়

আজ প্রকাশ হচ্ছে আলিমের ফলাফল, দেখবেন যেভাবে

শিক্ষা · 2026-10-31T04:51:00.000000Z · ডেস্ক রিপোর্ট

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ২০২৬ সালের আলিম পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন। প্রকাশিত ফলে অসন্তুষ্ট হলে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।

আজ সকাল ১১টায় ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া অনলাইনে এবং মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানার সুযোগ থাকবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে জানানো হয়েছে, ৩১ অক্টোবর বেলা ১১টায় আলিম পরীক্ষা ২০২৬-এর ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত পদ্ধতিতে নিজেদের ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। অন্যদিকে, পরীক্ষার্থীরা অনলাইন ও এসএমএসের মাধ্যমে ব্যক্তিগত ফল জানতে পারবেন।

অনলাইনে প্রতিষ্ঠানের ফলাফলের শিট ডাউনলোড করতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘অনলাইন সেবা-১’ কর্নারে গিয়ে ‘আলিম পরীক্ষা ২০২৬’ অপশনে ক্লিক করতে হবে। এ ছাড়া www.ebmeb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Alim eRPS 2026’ নির্বাচন করে ‘Continue’ বাটনে ক্লিক করেও ফলাফলের শিট সংগ্রহ করা যাবে। এ পদ্ধতিতে জেলার কেন্দ্রভিত্তিক মাদরাসার ফলাফলের শিট ডাউনলোড করা যাবে।

পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটও ব্যবহার করতে পারবেন। এ জন্য eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে পরীক্ষার নাম, বছর, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখা যাবে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।

ইন্টারনেট ব্যবহার করতে না চাইলে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC MAD 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এখানে 123456-এর জায়গায় নিজের রোল নম্বর বসাতে হবে। ফিরতি বার্তায় পরীক্ষার ফল জানানো হবে।

প্রকাশিত ফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে এ আবেদন গ্রহণ শুরু হবে, চলবে ৭ নভেম্বর পর্যন্ত। পুনর্নিরীক্ষণের আবেদন অনলাইনে করতে হবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা ও আবেদনপ্রক্রিয়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত