স্বেচ্ছাসেবক দলনেতাকে হত্যা সন্দেহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
রাজনীতি · 2026-11-16T06:28:19.000000Z · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ নগরীতে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ্জামানকে (৩৫) হত্যায় জড়িত সন্দেহে মেহেদী হাসান (৩১) নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসানের মৃত্যু হয়।
গণপিটুনিতে নিহত মেহেদী হাসান (৩১) বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। জাহাঙ্গীর এই হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার পথে মজিদ মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছালে স্বেচ্ছাসেবক দলনেতা সুরুজ্জামানের গতি রোধ করে মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত। এ সময় কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সুরুজ্জামান ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন।
নিহতের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার বলেন, এলাকায় বালু ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামীপন্থি অন্য একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তার ভাই জামানের দ্বন্দ্ব চলছিল। এই বিরোধের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহত সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ্জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।
সুরুজ্জামান হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রাতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পরে হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদী হাসানকে ধরে পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন।
একপর্যায়ে মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয় পুলিশ। পরে সেখানে ভোররাতে মেহেদী হাসানের মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ডের পর গণপিটুনির ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে।