মিশরে দুই যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
বিশ্ব · 2026-11-08T17:29:00.000000Z · ডেস্ক রিপোর্ট
মিশরের গিজা প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮৮ জন। সংঘর্ষের পর কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। রোববার (৮ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহত হওয়ার এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলার গেরজা গ্রামের কাছে কায়রো-আসওয়ান রেলপথে দুর্ঘটনাটি ঘটে।
মিশরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী ১৩৪ নম্বর যাত্রীবাহী ট্রেনটি কাফর আম্মার ও আল-রিক্কা স্টেশনের মাঝামাঝি এলাকায় কায়রো থেকে আসওয়ানগামী একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন জরুরি সেবাকর্মীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিতে ৭২টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার গিজা ও পার্শ্ববর্তী বেনি সুয়েফ প্রদেশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনায় কারও অবহেলা প্রমাণিত হলে তাঁকে জবাবদিহির আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।
সূত্র: আনাদোলু