শ্রমিক আন্দোলনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গার্মেন্টস মালিকরা
জাতীয় · 2026-11-02T05:35:00.000000Z · ডেস্ক রিপোর্ট
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন গার্মেন্টস মালিক নেতারা। সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। এতে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন। অন্যদিকে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর ও সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন গার্মেন্টস মালিক নেতারা। সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। পোশাক খাতের চলমান অস্থিরতার মধ্যে মালিকপক্ষ ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গার্মেন্টস মালিক নেতারা উপস্থিত রয়েছেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নিয়েছেন।
এদিকে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে একই দাবিতে ঢাকার সাভারের আশুলিয়া এলাকাতেও সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। সেখানে শত শত শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন চলছে। এর মধ্যে গাজীপুর ও আশুলিয়ায় সড়ক অবরোধের ঘটনা ঘটায় সাধারণ মানুষের চলাচলেও ভোগান্তি তৈরি হয়েছে।