শ্রীমঙ্গলের সময়

বকশীগঞ্জে মাদক ব্যবসা বন্ধে বিক্ষোভ-মানববন্ধন

সারাদেশ · 2026-11-02T04:34:21.000000Z · স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবি এবং মাদক কারবারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। রোববার বিকালে বাট্টাজোর ইউনিয়নের পানাতিয়া পাড়ার উজানপাড়া গ্রামে এই কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী।  মাদক ব্যবসায়ী রোকেয়া বেগমের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় প্রায় তিন শতাধিক নারী পুরুষ। জপ্রতিনিধি,শিক্ষক,মসজিদের ইমাম,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় মাদক ব্যবসা বন্ধে মাদক কারবারীদের তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে মাদক ব্যবসা বন্ধ না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।মানববন্ধনে অন্যান্যের মধ্যে ইউপি সদস্য আমির হোসেন,বাবু তালুকদার,তপন তালুকদার, অপূর্ব সিয়াম,মো.মন্টু মিয়া,ছালেহা বেগম প্রমূখ বক্তব্য রাখেন।মানববন্ধনে বক্তারা বলেন,এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছে রোকেয়া বেগম,তার মেয়ে ও মেয়ের জামাতারা। এতে করে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাওয়ায় সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের ঝুঁকিতে পড়েছে বেশি। অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। একাধিকবার মৌখিক ভাবে তাদেরকে সতর্ক করা হলেও তারা কথা শোনেন নি। দিন দিন তাদের বাড়িতে মাদকসেবী ও কারবারীদের আনাগোনা বেড়েই চলছে।এ সময় বক্তারা আরো বলেন,মাদক পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। মাদক নির্মূলে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।এ বিষয়ে জানতে চাইলে রোকেয়া বেগম জানান,তিনি বাড়িতে নেই। এক সময় তিনি মাদকের সাথে জড়িত ছিলেন স্বীকার করে বলেন,এখন তিনি মাদকের সাথে জড়িত নাই। অনেক আগেই সব কিছু ছেড়ে দিয়েছেন। তিনি নিজেও এখন মাদকের বিরুদ্ধে। স্থানীয় কিছু লোক তার কাছে চাঁদা চেয়েছিল না দেওয়ায় তার বিপক্ষে অবস্থান নিয়েছে।বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যহত আছে। মাদকের সাথে জড়িত ব্যক্তি যত শক্তিশালীই হোক ছাড় দেয়া হবে না।  

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত