কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কার শুরু ০৪:৩৬পি.এম. | নভেম্বর ১০
সারাদেশ · 2026-11-10T13:49:30.000000Z · স্টাফ রিপোর্টার
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুটি ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ১৫ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দে বাস্তবায়নাধীন এ কর্মসূচিতে স্থানীয় ৭৫ জন নারী-পুরুষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এবং বিকেলে লেংগুরা ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পাঁচগাঁও এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল, উপজেলা প্রকৌশলী মো. মুমিনুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, পিসিসির প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব দাস, উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাস ও চয়ন রিছিল।
প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের উদ্যোগে ‘ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন (আইএইচআরইপি)’ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের তথ্য অনুযায়ী, রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় ১ দশমিক ৫ কিলোমিটার এবং লেংগুরা ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় ১ কিলোমিটার খাল পুনঃসংস্কার করা হবে। দুই এলাকায় খালের মোট দৈর্ঘ্য ২ দশমিক ৫ কিলোমিটার। প্রতিটি খালের প্রস্থ ১৫ ফুট ও গভীরতা ৩ ফুট নির্ধারণ করা হয়েছে।
পাঁচগাঁও এলাকায় ৪৫ জন নারী-পুরুষ শ্রমিক ২৫ কর্মদিবসে পুনঃসংস্কারের কাজ করবেন। তাঁদের প্রত্যেকের দৈনিক মজুরি ৭০০ টাকা। এ অংশের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। বুধবার (১১ নভেম্বর) থেকে সেখানে কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, লেংগুরা ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় ৩০ জন নারী-পুরুষ শ্রমিক কাজ করবেন। তাঁদের প্রত্যেকের দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। বুধবার থেকে এ এলাকাতেও কাজ শুরু হওয়ার কথা রয়েছে। দুই ইউনিয়নের শ্রমিকদের মজুরি সাপ্তাহিক ভিত্তিতে পরিশোধ করা হবে।
কাঁঠালবাড়ী এলাকার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিডব্লিউএ কলমাকান্দার চেয়ারম্যান মুকুট স্নাল, শিক্ষক মো. মাকসুদুর রহমান বিপ্লব, ইউপি সদস্য মো. মহসীন কবীর, তপন দিও, সুহাস চিরান, সুজিত মানখিন ও অঞ্জন সাংমা।
প্রকল্পের বিবরণীতে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নারী-পুরুষের সমন্বয়ে সাত সদস্যের স্থানীয় মনিটরিং কমিটি থাকবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, খাল দুটি পুনঃসংস্কার করা হলে পানি নিষ্কাশনব্যবস্থার উন্নতির পাশাপাশি কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে স্থানীয় জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে উদ্যোগটি সহায়ক হবে।