শ্রীমঙ্গলের সময়

ভালুকায় বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা

সারাদেশ · 2026-11-10T13:45:06.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অভিযোগে বি-বাড়িয়া বেকারিতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় বেকারির মালিক মুক্তা বেগমকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।অভিযানকালে বেকারিটি থেকে ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ আঠা জব্দ করা হয়। পরে জব্দ করা পণ্য জনসমক্ষে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভালুকার গফরগাঁও রোড এলাকায় অবস্থিত বি-বাড়িয়া বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মাহবুব আরেফিন রাফি, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহাবুদ্দিন।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেন বলেন, বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। খাদ্য তৈরিতে ব্যবহৃত উপকরণগুলোও খাওয়ার উপযোগী ছিল না। এ ছাড়া প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত