শ্রীমঙ্গলের সময়

গোবিপ্রবিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স’ অনুষ্ঠিত

সারাদেশ · 2026-11-12T12:12:17.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​শিক্ষার্থীদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট জগতের সরাসরি সেতুবন্ধন তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।​বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে দিনব্যাপী এ কনফারেন্সের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন খাতের ৮টি স্বনামধন্য শিল্প ও করপোরেট প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।​উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের (জিইউবি) উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, খুলনার খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।​ইউজিসি চেয়ারম্যানের বক্তব্য​প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন ও পরিমার্জনে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করার তাগিদ দেন। তিনি বলেন, বর্তমান বাজারের সঙ্গে তাল মিলিয়ে উচ্চশিক্ষাকে কর্মক্ষেত্রের চাহিদার সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার যথেষ্ট সমন্বয় নেই, ফলে অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারছেন না।​এই সংকট কাটিয়ে উঠতে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানিয়ে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করা এবং শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শন করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের সমস্যা চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সঙ্গে যৌথভাবে গবেষণা প্রস্তাব তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের প্রস্তাব ইউজিসিতে জমা দিলে কমিশন অর্থায়নের ব্যবস্থা করবে।
​শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করতে সফট স্কিল উন্নয়ন ও ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ চালুর লক্ষ্য রয়েছে। এ ছাড়া প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।​উপাচার্যের বক্তব্য​সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ইউজিসি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষক সংকটের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণাগার, শ্রেণিকক্ষ এবং শিক্ষক সংকট রয়েছে। মাত্র ৫০ কোটি টাকা অর্থায়ন পেলে ল্যাব সংকট সমাধান করা সম্ভব হতো। এ সময় তিনি শিক্ষক সংকট নিরসনে ইউজিসির সুদৃষ্টি কামনা করেন।​শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের যেমন চাকরির বাজারের উপযোগী হয়ে উঠতে হবে, তেমনি শিক্ষকদেরও সততার সঙ্গে পাঠদানের পাশাপাশি ভালো গবেষক হতে হবে। যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাই শিক্ষকদের সময়মতো ক্লাস নেওয়া ও যথাসময়ে ফলাফল প্রকাশের আহ্বান জানান তিনি।​অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও অন্যান্য আয়োজন​কনফারেন্সে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেডের পরিচালক অধ্যাপক মেহেদী হাসান মো. হেফজুর রহমান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মার্কেটিং স্ট্র্যাটেজি বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউর রহমান, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসির পরিচালক (অপারেশনস) মুহাম্মদ জাহিদ আলী বেরুনী, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্ল্যান্ট) মো. ওহিদুল ইসলাম, মেনকো ফার্মা লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশনস ও প্ল্যান্ট) মো. আমিনুর রহমান, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক মো. মহিউদ্দিন সেলিম, নগদ লিমিটেডের প্রধান (ইউটিলিটি, শিক্ষা ও সরকারি পেমেন্ট) মো. গোলাম মুর্তজা মিলু এবং পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালকের (মানবসম্পদ ও প্রশাসন) প্রতিনিধি।​সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের জন্য সরাসরি চাকরির আবেদনের সুযোগ। শিক্ষার্থীরা নিজেদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী একাধিক প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন।​অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে আমন্ত্রিত অতিথিদের সামনে বিশেষ প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অর্জন ও সম্ভাবনা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব। এতে সার্বিক সহযোগিতা করে ‘এসিএসএস জিএসটিইউ চ্যাপ্টার’।​কনফারেন্সের কনভেনর ও পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহাজান জানান, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদার এবং শিক্ষার্থীদের বাস্তব কর্মজগতের সঙ্গে পরিচিত করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত