ময়মনসিংহে সহকর্মীর ছুরিকাঘাতে প্রাণ গেল শ্রমিকের
সারাদেশ · 2026-11-12T12:45:15.000000Z · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ নগরে কথা-কাটাকাটির জেরে সহকর্মীর ছুরিকাঘাতে মো. রানা (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. রানা ময়মনসিংহের ফুলপুর উপজেলার হোসেনপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ নগরের চর কালিবাড়ি (টোলপ্লাজা সংলগ্ন) এলাকার একটি বোতল কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. মুখলেস। তিনি চর কালিবাড়ি এলাকার বাসিন্দা এবং একই কারখানার শ্রমিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শ্রমিক মুখলেসের সঙ্গে রানার কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ক্ষিপ্ত হয়ে মুখলেস রানাকে ছুরিকাঘাত করেন। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে রানার মৃত্যু হয়।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মুখলেসকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।