ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড
আইন-আদালত ·
2026-11-12T12:43:06.000000Z
· স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় দুজনকে কারাদণ্ড এবং আরও দুজনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।
অভিযানে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের দায়ে আনারুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অভিযানে মো. সোহাগ মিয়াকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারায় তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া রাসেল ও মহিদুল মিয়াকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযান সম্পর্কে ইউএনও সানজিদা রহমান বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশের ক্ষতি করে কেউ অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।