শ্রীমঙ্গলের সময়

পরীমনিকে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইতে বললেন হিরো আলম

বিনোদন · 2026-11-10T17:19:00.000000Z · ডেস্ক রিপোর্ট

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। একই সঙ্গে পরীমনিকে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হিরো আলমের মতে, বিষয়টি নিয়ে আর কাদা ছোড়াছুড়ি না করে বিরোধের অবসান হওয়া উচিত।

সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটিরশিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন হিরো আলম।

তিনি বলেন, পরীমনির আচরণের ঘটনায় সবাই দুঃখ প্রকাশ করেছেন, তিনিও এ ঘটনায় দুঃখিত। গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে হিরো আলম বলেন, মিডিয়া না থাকলে আজ তিনি মানুষের সামনে পরিচিত মুখ হয়ে উঠতে পারতেন না।

হিরো আলম বলেন, গণমাধ্যমের কারণেই তিনি আজকের অবস্থানে এসেছেন। তাই পরিচিত শিল্পী ও তারকাদের সাংবাদিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করা উচিত। পরীমনির মতো প্রথম সারির একজন নায়িকার কাছ থেকে সাংবাদিককে গালিগালাজ করার ঘটনা প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

পরীমনিকে উদ্দেশ করে হিরো আলম বলেন, গণমাধ্যম একজন শিল্পীকে পরিচিতি দিতে পারে, আবার নেতিবাচক আচরণের কারণে সেই পরিচিতিতে প্রভাবও ফেলতে পারে। তাই সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে বিষয়টির সমাধান করার জন্য তিনি পরীমনির প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এ নিয়ে নতুন করে বিরোধ বা কাদা ছোড়াছুড়ি না করে সবাই মিলে বিষয়টির অবসান চান তিনি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত