শ্রীমঙ্গলের সময়

বিয়ের সাজে পিস্তল হাতে তাসনিয়া ফারিণ, আসছে ‘ডাকাতিয়া বাঁশি’

বিনোদন · 2026-11-10T17:01:00.000000Z · ডেস্ক রিপোর্ট

বিয়ের সাজে হাতে পিস্তল, পাশে অস্ত্রধারী আরও কয়েকজন—তাসনিয়া ফারিণের এমন ব্যতিক্রমী লুক প্রকাশ করে নতুন সিরিজের ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ‘ডাকাতিয়া বাঁশি’ নামের অরিজিনাল সিরিজটিতে ডার্ক কমেডি ঘরানার গল্পে দেখা যাবে এই অভিনেত্রীকে।

১০ নভেম্বর চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে সিরিজটির ঘোষণা দিয়ে কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে বিয়ের সাজে পিস্তল হাতে ফারিণকে দেখা গেছে। তার পাশে ছিলেন অভিনেতা আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। তাঁদের হাতেও দেখা গেছে আগ্নেয়াস্ত্র। ছবিগুলো প্রকাশের মধ্য দিয়ে সিরিজটিতে তাঁদের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছে চরকি।

ইমরাউল রাফাতের পরিচালনায় সিরিজটির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। দীর্ঘ বিরতির পর ওটিটি কনটেন্ট নির্মাণে ফিরছেন ইমরাউল রাফাত। সিরিজটির গল্প ও নির্মাণ পরিকল্পনা নিয়ে তিনি জানিয়েছেন, প্রতিটি পর্বে চমক, গল্পের নানা স্তর এবং ক্লিফহ্যাঙ্গার রাখার চেষ্টা করেছেন। ডার্ক কমেডি ঘরানার এই কাজকে নিজের জন্য চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন তিনি।

সিরিজে পার্থ শেখের চরিত্রেও থাকছে ভিন্নতা। নিজের চরিত্র প্রসঙ্গে এই অভিনেতা বলেন, চরিত্রটিতে এমন কিছু স্তর রয়েছে, যা নিয়ে আগে কাজ করেননি। চিত্রনাট্য পড়ার পাশাপাশি চরিত্রের বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন তিনি।

আরফান মৃধা শিবলুর চরিত্র নিয়েও আপাতত রহস্য রাখতে চাইছে নির্মাতা দল। সিরিজের ঘোষণার ছবিতে তাঁর হাতে বন্দুক দেখা গেলেও চরিত্রের বিস্তারিত প্রকাশ করেননি তিনি। শিবলুর ভাষ্য, গল্পটি মজার হলেও তাঁর চরিত্রের মধ্যে রয়েছে নানা ধরনের পরিবর্তন। পাশাপাশি এতে একটি পরিবারের গল্পও রয়েছে, যা তাঁর ভালো লেগেছে।

‘ডাকাতিয়া বাঁশি’তে ক্যামেলিয়া নামের চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। বেশ কিছুদিন পর সিরিজে ফিরছেন তিনি। মাঝের সময়ে সিনেমার কাজে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। নতুন ধরনের গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন তিনি।

নিজের চরিত্র সম্পর্কে ফারিণ বলেন, ক্যামেলিয়া নামের মতোই চরিত্রটিও কিছুটা অপ্রচলিত। ডার্ক কমেডি ঘরানার গল্পে তাঁর চরিত্রে অন্ধকার দিক রয়েছে। এর আগে ওটিটিতে কমেডি চরিত্রে অভিনয় করা হয়নি তাঁর। তাই এবার নতুন অভিজ্ঞতার অপেক্ষায় আছেন তিনি। তাঁর আশা, সিরিজটি দর্শকদের জন্যও ভিন্ন স্বাদের হবে।

সিরিজটিতে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ওটিটিতে ডার্ক থ্রিলার ও মিস্ট্রি ঘরানার কাজ বেশি দেখা গেলেও ডার্ক কমেডি তুলনামূলক কম। সে কারণেই দর্শকদের জন্য নতুন ধরনের গল্প নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, প্রচলিত ধারার বাইরে নির্মিত ‘ডাকাতিয়া বাঁশি’ দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দেবে।

চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা জানিয়েছেন, সিরিজটি প্রচলিত অর্থে থ্রিলার না হলেও এতে দর্শকদের চমকে দেওয়ার মতো নানা উপাদান থাকবে। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই প্ল্যাটফর্মটিতে মুক্তি পেতে পারে সিরিজটি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত