শ্রীমঙ্গলের সময়

ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প, ৪০টির বেশি পরাঘাত

বিশ্ব · 2026-11-29T16:19:00.000000Z · ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মূল কম্পনের পর ৪০টিরও বেশি পরাঘাত অনুভূত হয়েছে। এতে বিভিন্ন দোকান, বাড়িঘর ও লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) সকালে ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন বিচ উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর প্রভাবে লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের পর একাধিক পরাঘাত অনুভূত হয়েছে। এর মধ্যে হারমোসা বিচ এলাকার বোচ্চাতো’স গ্রোসারিজ নামের একটি দোকানে কয়েক শ মদের বোতল তাক থেকে পড়ে ভেঙে যায়। এতে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দোকানটির প্রতিনিধি জে হেরন বিবিসিকে জানান, প্রথম ভূমিকম্পের সময় দোকান বন্ধ ছিল। তবে পরবর্তী কম্পনের সময় ক্রেতারা উপস্থিত ছিলেন। তখনো তাক থেকে অসংখ্য বোতল পড়ে ভেঙে যায়। তাঁর ভাষায়, কয়েক ঘণ্টার ব্যবধানে দোকানটি দুবার ক্ষতির মুখে পড়ে।

ভূমিকম্পপ্রবণ এলাকায় তাক থেকে পণ্য পড়ে যাওয়া ঠেকাতে সাধারণত বিশেষ সুরক্ষাব্যবস্থা রাখা হয়। তবে ওই দোকানে এমন কোনো ব্যবস্থা ছিল না বলে জানান হেরন।

লস অ্যাঞ্জেলেসের দমকল বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে কেউ আহত হননি। কোনো ভবনের কাঠামোগত ক্ষতির খবরও পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে বিভিন্ন এলাকায় দমকলকর্মীদের পাঠানো হয়।

ভূমিকম্পের প্রভাব পড়ে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরেও। কম্পনে বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে যায় এবং টার্মিনালের একটি চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়। ছাদের পানির পাইপ ভেঙে পানি পড়ার ঘটনাও ঘটে।

কম্পনের সময় ডেল্টা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। ভূমিকম্প শুরু হলে বিমান চলাচল নিয়ন্ত্রক উড়োজাহাজটিকে অবতরণ বাতিল করে পুনরায় ওপরে উঠে চক্কর দেওয়ার নির্দেশ দেন। পরে পাইলট সেই নির্দেশ মেনে অবতরণের চেষ্টা বাতিল করেন। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সামগ্রিক ফ্লাইট পরিচালনায় কোনো বিঘ্ন ঘটেনি।

ক্যালিফোর্নিয়ায় প্রায়ই ছোটখাটো ভূমিকম্প হলেও এক দশকের বেশি সময় ধরে ওই এলাকায় এ মাত্রার কম্পন অনুভূত হয়নি। একই সঙ্গে এত বেশি পরাঘাতের ঘটনাও বিরল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৯৯৪ সালে ক্যালিফোর্নিয়ার নর্থরিজে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ৫৭ জন নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে ভূমিকম্পের ঝুঁকিতে আলাস্কার পরেই ক্যালিফোর্নিয়ার অবস্থান। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গড়ে প্রতি তিন মিনিটে একটি ভূমিকম্প হলেও অধিকাংশ কম্পন এত মৃদু যে মানুষ তা অনুভব করতে পারেন না।

সূত্র: বিবিসি

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত