শ্রীমঙ্গলের সময়

মিয়ানমারে বিয়ে ও স্কুলে বিমান হামলা, নিহত অন্তত ৪১

বিশ্ব · 2026-11-29T16:32:00.000000Z · ডেস্ক রিপোর্ট

মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় একটি বিয়ের অনুষ্ঠান ও একটি স্কুলে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক, শিক্ষার্থী, শিক্ষক ও তরুণ ভিক্ষু রয়েছেন। এ ছাড়া হামলাগুলোতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বার্মিজ বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৮ নভেম্বর) বিকেলে দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যের মো বাই গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা চালানো হয়। উদ্ধারকারীদের তথ্য অনুযায়ী, সেখানে অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৫ জন।

এর আগে বৃহস্পতিবার মধ্য মিয়ানমারের মাগওয়ে অঞ্চলের ইন ইয়োন গ্রামের একটি স্কুলে বিমান হামলার ঘটনা ঘটে। দেশটির নির্বাসিত জাতীয় ঐক্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ওই হামলায় শিক্ষার্থী, তরুণ ভিক্ষু ও শিক্ষকসহ অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এলাকাটিতে সামরিক বাহিনীবিরোধী প্রতিরোধ বাহিনীর তৎপরতা রয়েছে।

এদিকে শনিবার সন্ধ্যায় পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-উ শহরেও বিমান হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় রাত ৮টার দিকে শহরের একটি আবাসিক এলাকায় বোমা হামলায় ১০ জনের বেশি নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এলাকাটি আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। গোষ্ঠীটি মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করা শক্তিশালী জাতিগত সশস্ত্র বাহিনীগুলোর একটি।

এসব হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বিবিসি বার্মিজ

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত