শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সীমান্ত পথ কোনটি?
বিশ্ব · 2026-11-29T16:09:00.000000Z · ডেস্ক রিপোর্ট
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা দেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রবেশের সম্ভাব্য পথ হিসেবে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত বিবেচনা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তের কয়েকটি প্রবেশপথ ঘুরে দেখেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা।
রোববার (২৯ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তবে শেখ হাসিনার স্থলপথে ফেরার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার সম্ভাব্য পথ হিসেবে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল এবং বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর বিবেচনায় রয়েছে। পেট্রাপোল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ স্থলবন্দর। দুই দেশের বাণিজ্য ও যাত্রী চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বৈধ পাসপোর্ট ছাড়া শেখ হাসিনার উড়োজাহাজে ওঠা সম্ভব হবে না। এ কারণে স্থলপথে দেশে ফেরার বিকল্প নিয়ে আলোচনা চলছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁর জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়। গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেন।
এর আগে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে উড়োজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন শেখ হাসিনা। প্রতিবেদনে বলা হয়েছে, এর জবাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে দেশে ফিরিয়ে আনার কথা জানানো হয়েছিল।
শেখ হাসিনার প্রত্যর্পণকে ঢাকা-দিল্লি সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভারত জানিয়েছে, প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে। অন্যদিকে শেখ হাসিনার দাবি, তিনি স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে প্রস্তুত; এ জন্য প্রত্যর্পণের প্রয়োজন নেই।
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবসান ঘটে। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাঁর দেশে ফেরার ঘোষণা ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও ঢাকা-দিল্লি সম্পর্কেও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলছিল। তবে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে ওই সফরের সম্ভাবনা কমে যেতে পারে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস