রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত কেন?
বিশ্ব · 2026-11-29T16:39:00.000000Z · ডেস্ক রিপোর্ট
ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চাইলেও মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির ক্ষেত্রে নীরব রয়েছে নয়াদিল্লি। আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় দেওয়ার পরও দেশটির সামরিক সরকারের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে উল্লেখযোগ্য কোনো আলোচনা করেনি ভারত। সীমান্ত নিরাপত্তা, ভূরাজনৈতিক স্বার্থ ও মিয়ানমারের সঙ্গে যোগাযোগ বজায় রাখার প্রয়োজনকেই এর অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
২৮ নভেম্বর প্রকাশিত বিবিসি নিউজ বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে চূড়ান্ত রায় দেন। বিশ্বের বিভিন্ন দেশ রায়টিকে স্বাগত জানালেও ভারত সরাসরি সমর্থন বা প্রত্যাখ্যান না করে জানিয়েছে, তারা রায়টি নোট করেছে।
গত ২০ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবর্তনের পক্ষে ভারত বরাবরই সমর্থন জানিয়ে আসছে। তিনি বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে ত্রাণ সহায়তা এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের উন্নয়ন কর্মসূচিতেও ভারতের সহযোগিতার কথা উল্লেখ করেন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। তবে ভারত তাঁদের শরণার্থী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। বিভিন্ন সময়ে ক্ষমতাসীন বিজেপির নেতারা রোহিঙ্গাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবেও উল্লেখ করেছেন।
বিবিসির প্রতিবেদনে ভারতের সাবেক কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তীর বক্তব্য তুলে ধরা হয়েছে। তাঁর মতে, সীমান্ত নিরাপত্তা, বিচ্ছিন্নতাবাদী তৎপরতা ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে মিয়ানমারের সহযোগিতা ভারতের প্রয়োজন। দেশটির সঙ্গে সরাসরি বিরোধে জড়ালে এসব ক্ষেত্রে সহযোগিতা ব্যাহত হতে পারে।
এ ছাড়া বঙ্গোপসাগরে চীনের প্রভাব মোকাবিলায় মিয়ানমারে ভারতের সড়ক, কালাদান ও রেল যোগাযোগ প্রকল্প গুরুত্বপূর্ণ। ফলে মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক পুরোপুরি নষ্ট করতে চায় না নয়াদিল্লি—এমন বিশ্লেষণও উঠে এসেছে প্রতিবেদনে।
রোহিঙ্গাদের প্রতি ভারতের নীতির সমালোচনাও রয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ২০২৫ সালের মে মাসে দিল্লিতে ৪০ জন রোহিঙ্গাকে আটক করার পর তাঁদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল। আটক ব্যক্তিদের কয়েকজনকে সমুদ্রপথে মিয়ানমারের উপকূলের কাছে ফেলে দেওয়ার অভিযোগও ওঠে। তবে ঘটনাটি নিয়ে ভারতের অবস্থান প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
ভারত শরণার্থীদের মর্যাদাসংক্রান্ত ১৯৫১ সালের আন্তর্জাতিক সনদ এবং ১৯৬৭ সালের সংশ্লিষ্ট প্রটোকলে স্বাক্ষর করেনি। ফলে দেশটিতে শরণার্থীদের স্বীকৃতি ও সুরক্ষার জন্য পূর্ণাঙ্গ কোনো জাতীয় নীতিও নেই। এ কারণে রোহিঙ্গাদের অবস্থান ও ভবিষ্যৎ অনেকটাই সরকারের নীতি এবং বিচারব্যবস্থার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সব মিলিয়ে, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পক্ষে ভারতের আনুষ্ঠানিক অবস্থান থাকলেও মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক ও কৌশলগত সম্পর্কের স্বার্থে দেশটির ওপর প্রকাশ্য চাপ সৃষ্টিতে অনাগ্রহ দেখা যাচ্ছে। ফলে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরও ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় রয়ে গেছে।
সূত্র: বিবিসি নিউজ বাংলা, প্রত্যুষ রায়