শ্রীমঙ্গলের সময়

ফজরের নামাজে বাড়ছে মুসল্লি, ছড়াচ্ছে ‘রিজালুল ফজর’

বিশ্ব · 2026-11-29T16:14:00.000000Z · ডেস্ক রিপোর্ট

শিশু ও তরুণদের ফজরের নামাজে মসজিদমুখী করতে ‘রিজালুল ফজর’ নামে একটি সামাজিক উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। আলজেরিয়ায় শুরু হওয়া এই কার্যক্রম অল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। উদ্যোগটির প্রভাবে বিভিন্ন মসজিদে ফজরের জামাতে মুসল্লিদের উপস্থিতি বাড়ছে।

শুক্রবার (২৭ নভেম্বর) কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম কুয়েত টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের অংশ হিসেবে কুয়েতের বায়ান এলাকার মোজা মুহাম্মদ সালেম মসজিদে ফজরের নামাজ আদায় করতে জড়ো হন পাঁচ শতাধিক মুসল্লি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও অভিভাবক ছিলেন।

চলতি মাসের শুরুতে আলজেরিয়ায় একজন শিক্ষকের হাত ধরে ‘রিজালুল ফজর’ উদ্যোগের যাত্রা শুরু হয়। পরে মরক্কো, সিরিয়া, ফিলিস্তিন ও কুয়েতসহ উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে কার্যক্রমটি। যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি মসজিদেও উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

কুয়েতে এ কার্যক্রমের সূচনা করেন ‘বু জাররাহ’ নামে পরিচিত সমাজকর্মী ইউসুফ আল-ওমরান। অভিভাবকেরা যেন সন্তানদের সঙ্গে নিয়ে মসজিদে জামাতে ফজরের নামাজ আদায় করেন, সে জন্য তাঁদের উৎসাহিত করা হচ্ছে। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা তৈরি এবং মসজিদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আয়োজকদের দাবি, মোজা মুহাম্মদ সালেম মসজিদে মুসল্লিদের উপস্থিতি তাঁদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় বাইরের আঙিনাতেও মুসল্লিদের অবস্থান করতে হয়।

ওই মসজিদে ফজরের নামাজে ইমামতি করেন শেখ আহমদ আল-নাফিস। জামাতে অংশ নেন কুয়েতের যুব ও ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী ড. তারেক আল-জালাহমা। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব ও সমাজকর্মীরাও এতে যোগ দেন।

উদ্যোগের আয়োজক বু জাররাহ জানান, শুধু ফজরের নামাজে মুসল্লিদের উপস্থিতি বাড়ানোই তাঁদের উদ্দেশ্য নয়। বরং এমন একটি প্রজন্ম গড়ে তোলা তাঁদের লক্ষ্য, যারা নিয়মিত নামাজ আদায় করবে এবং মসজিদে যাওয়া দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গ্রহণ করবে।

শিশুদের উৎসাহিত করতে উদ্যোগটিতে পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে। টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করতে পারলে শিশুদের পুরস্কৃত করা হয়।

অল্প সময়ের মধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ‘রিজালুল ফজর’ এখন একটি ক্রমবর্ধমান সামাজিক উদ্যোগে পরিণত হয়েছে। পরিবারের সদস্যদের একসঙ্গে ধর্মীয় চর্চায় যুক্ত করার পাশাপাশি শিশুদের মধ্যে নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করছে কার্যক্রমটি।

সূত্র: কুয়েত টাইমস

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত