ফকল্যান্ডসে তেল অনুসন্ধান বন্ধের আবেদন খারিজ
বিশ্ব · 2026-11-29T16:44:00.000000Z · ডেস্ক রিপোর্ট
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল অনুসন্ধান প্রকল্প বন্ধ করতে আর্জেন্টিনার আবেদন প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনাল। ‘সি লায়ন’ নামের এই প্রকল্প নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে নতুন করে কূটনৈতিক বিরোধ তৈরি হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) জাতিসংঘ-সমর্থিত আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনাল এ সিদ্ধান্ত জানায়। সার্বভৌমত্বের বিরোধ নিষ্পত্তির এখতিয়ার এই আদালতের নেই বলে জানান ট্রাইব্যুনালের সভাপতি। ১৮-৩ ভোটে সিদ্ধান্তটি গৃহীত হয়।
আর্জেন্টিনা সরকার প্রকল্পটি বন্ধের আবেদন জানিয়েছিল। দেশটির দাবি, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তাই বিরোধপূর্ণ অঞ্চলে তেল অনুসন্ধান বা কূপ নির্মাণের মতো কার্যক্রম পরিস্থিতি আরও জটিল করতে পারে।
তবে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের পরও নিজেদের দাবি থেকে সরে আসেননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি বলেছেন, এ সিদ্ধান্তই চূড়ান্ত নয়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার অংশ বলেও দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এবং অ্যাটর্নি জেনারেল এলি রিভস এক যৌথ বিবৃতিতে আর্জেন্টিনাকে ফকল্যান্ডের বাসিন্দাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, ফকল্যান্ডের বাসিন্দাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে আর্জেন্টিনা। এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। একই সঙ্গে দ্বীপপুঞ্জের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ প্রয়োগ বন্ধ করার আহ্বান জানান তাঁরা।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ দীর্ঘদিনের। ১৯৮২ সালে এ দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ৭৪ দিনব্যাপী যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে প্রাণহানির ঘটনাও ঘটে।
আর্জেন্টিনার যুক্তি, দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে এমন কোনো কার্যক্রম চালানো উচিত নয়, যা বর্তমান পরিস্থিতি বদলে দিতে পারে। তেল অনুসন্ধান ও কূপ নির্মাণকেও এর অন্তর্ভুক্ত বলে মনে করে দেশটি।
সূত্র: বিবিসি