শ্রীমঙ্গলের সময়

নবম শিক্ষক নিয়োগে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভায় কত নম্বর?

চাকরি-বাকরি · 2026-11-17T05:49:00.000000Z · ডেস্ক রিপোর্ট

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিন ধাপে মোট ২২০ নম্বর রাখার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় ১০০ নম্বর করে এবং মৌখিক পরীক্ষায় ২০ নম্বর থাকতে পারে। তবে পরীক্ষার পদ্ধতি, নম্বর বণ্টন ও সিলেবাস এখনো চূড়ান্ত হয়নি।

নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে মোট ২২০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত পদ্ধতি অনুযায়ী, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় ১০০ নম্বর করে এবং মৌখিক পরীক্ষায় ২০ নম্বর থাকতে পারে।

প্রস্তাবিত সিলেবাস অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি বিষয় থেকে প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ পরীক্ষা বহুনির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সময় নির্ধারণের প্রস্তাব করা হয়েছে এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে। অন্যদিকে, প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যেতে পারে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পাস নম্বর হতে পারে ৪০ শতাংশ।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ পরীক্ষার সময় হতে পারে তিন ঘণ্টা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সবশেষে ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

তবে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তাবিত পদ্ধতি, নম্বর বণ্টন ও সিলেবাস এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের পর এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হতে পারে।

তবে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে। অনুমোদন পাওয়ার পরই নিয়োগ পরীক্ষার পরবর্তী কার্যক্রম ও বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত