শ্রীমঙ্গলের সময়

গাজীপুর থেকে পালিয়ে আসা ১৬ বছরের কিশোরীসহ খ্রিস্টান যুবক কমলগঞ্জে আটক

সিলেটের খবর · 2026-11-16T17:36:41.000000Z · প্রতিবেদক, কমলগঞ্জ


গাজীপুর থেকে পালিয়ে আসা ১৬ বছর বয়সী এক মুসলিম কিশোরীকে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে ঘুরাঘুরির সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন লিংকন রুজারিও নামের এক খ্রিস্টান যুবক। এ সময় ওই যুবক উপস্থিত লোকজনের সামনে ইসলাম ধর্ম গ্রহণ করে শরিয়ত মতে বিয়ের আগ্রহ প্রকাশ করেন। পরে খবর পেয়ে পুলিশ তাদের দুজনকে হেফাজতে নেয়।
​স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর এলাকা থেকে নীলা আক্তার (১৬) নামের ওই কিশোরীকে নিয়ে পালিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আসেন লিংকন রুজারিও। ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকায় তাদের চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের কথায় অসংলগ্নতা পাওয়া যায় এবং কিশোরীকে পালিয়ে নিয়ে আসার বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা তাদের আটক করে রাখেন।
​উৎসুক জনতার মুখোমুখি হলে আটক যুবক লিংকন রুজারিও দাবি করেন, তিনি স্বেচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করে ইসলামি শরিয়ত মতে ওই কিশোরীকে বিবাহ করতে চান।
​ঘটনার পর আটক কিশোরী নীলার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তার মা জানান, বেশ কিছুদিন ধরে তাঁরা মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না। মেয়ের কোনো সন্ধান না পেয়ে ইতোমধ্যে গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
​এদিকে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ আটক যুবক লিংকন রুজারিও ও কিশোরী নীলা আক্তারকে নিজেদের হেফাজতে নিয়ে কমলগঞ্জ থানায় নিয়ে আসে।
​এ বিষয়ে পুলিশ জানায়, গাজীপুর সদর থানায় দায়েরকৃত জিডির সূত্র ধরে, যুবকের ধর্ম পরিবর্তনের ইচ্ছার বিষয়টি খতিয়ে দেখে এবং উভয় পরিবারের সাথে যোগাযোগ সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত