এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম, আসছে নতুন নিয়ম
জাতীয় · 2026-11-16T17:38:00.000000Z · ডেস্ক রিপোর্ট
মোবাইল ও অনলাইন প্রতারণা নিয়ন্ত্রণে সিম নিবন্ধনের নিয়মে পরিবর্তন আনছে সরকার। নতুন ব্যবস্থায় একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সব মোবাইল অপারেটর মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি সিম নিবন্ধনের বিধান কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন সিম নিবন্ধনের ক্ষেত্রে অন্তত সাত দিনের ব্যবধান রাখা এবং বায়োমেট্রিক যাচাইয়ের সঙ্গে ফেস ভেরিফিকেশন চালুর কার্যক্রমও চলছে।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, মোবাইল ও অনলাইন প্রতারণা বন্ধ এবং অবৈধ সিমের ব্যবহার নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে একটি এনআইডির বিপরীতে সব অপারেটর মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি সিম নিবন্ধন এবং নতুন সিম নিবন্ধনের ক্ষেত্রে অন্তত সাত দিনের ব্যবধান রাখার কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে।
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রতারণায় ব্যবহৃত মোবাইল নম্বর, ওয়েবসাইট ও লিংক বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
অবৈধ সিমের ব্যবহার বন্ধে মোবাইল অপারেটরদের মাধ্যমে গ্রাহকদের সচেতন করার উদ্যোগও নেওয়া হয়েছে। সিম নিবন্ধন, নিজ নামে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই এবং অবৈধ সিম ব্যবহারের ঝুঁকি সম্পর্কে গণমাধ্যম, খুদে বার্তা ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে বলে জানান মন্ত্রী।
অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) কার্যক্রম বন্ধেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিটিআরসিতে স্থাপিত কেন্দ্রীয় বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মের (সিবিভিএমপি) মাধ্যমে সিম নিবন্ধন কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, সিম নিবন্ধনের সময় প্রচলিত বায়োমেট্রিক যাচাইয়ের পাশাপাশি ফেস ভেরিফিকেশন পদ্ধতি চালুর কার্যক্রম চলছে। নতুন এ পদ্ধতি চালু হলে সিম নিবন্ধনের ক্ষেত্রে পরিচয় জালিয়াতি ও ভুয়া তথ্য ব্যবহারের সুযোগ কমবে বলে আশা করছে সরকার।
তবে পাঁচটি সিমের সীমা, নতুন সিম নিবন্ধনে সাত দিনের ব্যবধান এবং ফেস ভেরিফিকেশন—এসব ব্যবস্থার কার্যক্রম এখনো বাস্তবায়নাধীন। ফলে নতুন নিয়মগুলো পুরোপুরি কার্যকর হওয়ার পর সিম নিবন্ধন ও ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে।