জাতীয় স্বার্থে গার্মেন্টসের নোটিশ বাদ না দেওয়ার আহ্বান শফিকুর রহমানের
জাতীয় · 2026-11-16T17:29:00.000000Z · ডেস্ক রিপোর্ট
জাতীয় সংসদের চলতি অধিবেশনে তৈরি পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনার জন্য উত্থাপিত একটি নোটিশ অধিবেশনের কার্যসূচি থেকে বাদ না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জাতীয় স্বার্থে বিষয়টি নিয়ে সংসদে আলোচনার সুযোগ নিশ্চিত করতে স্পিকার ও সংসদ সচিবালয়ের কাছে স্পষ্ট ব্যাখ্যাও চেয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ আহ্বান জানান। গার্মেন্টস শিল্পের সংকট সমাধানে বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমানের উত্থাপিত নোটিশটি নিয়ে গত দুই দিন আলোচনা না হওয়ায় বিষয়টি সংসদে তোলেন বিরোধীদলীয় নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে কোনো অবস্থাতেই নোটিশটি চলতি অধিবেশন থেকে বাদ দেওয়া উচিত নয়। এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিষয় নয়, বরং দেশের জাতীয় শিল্প রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট। এ বিষয়ে সরকার ও বিরোধী দল—উভয়েরই দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, জনগণের স্বার্থেই বিরোধী দলের সদস্যরা সংসদে কথা বলতে এসেছেন। তাই মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদের কার্যতালিকা বা আলোচ্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
বিরোধীদলীয় নেতা জানান, আগে আলোচনা ও সমঝোতার মাধ্যমে নোটিশটি নিয়ে আলোচনার জন্য একটি নির্দিষ্ট দিন ঠিক করা হয়েছিল। কিন্তু পরে স্পিকার তা স্থগিত ঘোষণা করেন। এরপর সোমবারের কার্যতালিকায় বিষয়টি না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তিনি বলেন, চলতি অধিবেশনের কার্যকাল আর মাত্র দুই দিন বাকি। অধিবেশনের শেষ দিকে কাজের চাপ ও অন্যান্য কার্যক্রমের কারণে আলোচনার সুযোগ সীমিত হয়ে আসবে। এ অবস্থায় মঙ্গলবারই বিষয়টি আলোচনার কার্যকর সুযোগ বলে মনে করছে বিরোধী দল। শেষ দিনে যেন নোটিশটি নিয়ে আলোচনার সুযোগ থেকে বঞ্চিত হতে না হয়, সে জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গত বুধবারের আলোচনার পরিপ্রেক্ষিতে রোববার বিষয়টি আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছিল। তবে স্পিকার সেটি স্থগিত ঘোষণা করায় পরবর্তী সিদ্ধান্তের জন্য যোগাযোগ করতে হবে। সোমবারের কার্যতালিকায় বিষয়টি না থাকায় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।
ডেপুটি স্পিকার আরও বলেন, সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী ৩০০ বিধিতে কোনো বিষয়ে বিবৃতি দেওয়ার পর একই বিষয়ে আর আলোচনার সুযোগ থাকে না।
তবে নোটিশটি নিয়ে মঙ্গলবার আলোচনা হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে চলতি অধিবেশনে তৈরি পোশাকশিল্পের সংকট নিয়ে বিরোধী দলের উত্থাপিত নোটিশের ওপর আলোচনা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।